আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ছেন মাইক হাসি
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যাচ্ছেন অস্ট্রেলীয় ব্যাটসম্যান মাইক হাসি। শ্রীলঙ্কার বিপক্ষে চলমান টেস্ট সিরিজ শেষে তিনি টেস্ট ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন। তবে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন অস্ট্রেলিয়ার চলমান আন্তর্জাতিক ক্রিকেট মৌসুম শেষেই। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে তিনি আরও কিছুদিন খেলবেন।হঠাত্ করেই অবসরের সিদ্ধান্ত ঘোষণার নেপথ্য কারণ হিসেবে তিনি পরিবারকে সময় দেওয়ার কথাই বলেছেন। কিছুটা মজা করেই তিনি চ্যানেল নাইনকে বলেছেন, ‘আমি আজ সকালে পরিবারের সদস্যদের যখন অবসরের সিদ্ধান্তের কথা জানালাম, তখন আমি নিজে খুব উত্তেজিত ছিলাম। কিন্তু পরিবারের সবার মধ্যে সেই উত্তেজনাটা দেখলাম না। মনে হলো তারা ব্যাপারটিকে স্বাভাবিকভাবেই নিচ্ছে। তাদের এই নির্লিপ্ততাটাই বরং আমাকে ধাক্কা দিয়েছে বেশি।’হাসি বলেন, ‘সিডনিতে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের শেষ টেস্টটাই আমার ক্যারিয়ারের শেষ টেস্ট। ভালো লাগছে এই ভেবে যে অস্ট্রেলিয়ার হয়ে খেলতে গিয়ে পারফর্ম করার যে চাপ প্রত্যেক খেলোয়াড়কে নিতে হয়, সেই চাপ থেকে আমি মুক্তি পাব। সিডনিতে জীবনের শেষ টেস্ট ম্যাচে আমি মাঠে নামব চাপমুক্ত হয়ে, যতটা সম্ভব উপভোগ করার উদ্দেশ্যে।’ মাইক হাসি অবসরে গেলে অস্ট্রেলিয়া রিকি পন্টিংয়ের পর সবচেয়ে অভিজ্ঞ মিডল অর্ডার ব্যাটসম্যানকে হারাতে যাচ্ছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের মাঝপথে ৩৭ বছর বয়সে অবসরে গেছেন রিকি পন্টিং। হাসির অবসরের ফলে নিজেদের ব্যাটিং নিয়েই নতুনভাবে ভাবতে বসতে হবে অস্ট্রেলিয়ার টিম ম্যানেজমেন্টকে। হাসি অবশ্য সিদ্ধান্তটি নিয়ে ফেলে দারুণ খুশি। তিনি বলেছেন, ‘আমি অস্ট্রেলিয়ার হয়ে অনেক দিন খেললাম। বহু ম্যাচে দলকে জিততে দেখেছি। বাকি জীবনটা কাটিয়ে দেব অস্ট্রেলিয়ার সাফল্যের স্মৃতিগুলো রোমন্থন করেই। এ এক অসাধারণ অনুভূতি।’ সাধারণ হিসাবের অনেক পরে, ৩০ বছর বয়সে টেস্ট ক্রিকেটে অভিষেক হয় মাইক হাসির। ২০০৪ সালের ফেব্রুয়ারি মাসে ওয়ানডে অভিষেক হওয়ারও দেড় বছর পর ২০০৫ সালের নভেম্বরে তাঁর ব্যাগি গ্রিন ক্যাপ পরে টেস্ট ক্রিকেটে মাঠে নামার সুযোগ হয়। মজার বিষয় হলো, প্রথম শ্রেণীর ক্রিকেটে ১৫,৩১৩ রান করার পরই অস্ট্রেলিয়ার হয়ে টেস্ট খেলার সুযোগ হয়েছিল তাঁর। অভিষেকের পর এ পর্যন্ত খেলেছেন ৭৮টি টেস্ট। টেস্ট ক্রিকেটে ৫১.৫২ গড়ে তাঁর সংগ্রহ ৬১৮৩ রান। সেঞ্চুরি হাঁকিয়েছেন ১৯টি, ফিফটি ২৯টি। ওয়ানডে ক্রিকেটেও সমান সফল হাসি। ১৮৫টি ম্যাচে ৪৮.১৫ গড়ে তাঁর সংগ্রহ ৫৪৪২ রান। এই ফরম্যাটে তাঁর সেঞ্চুরি তিনটি হলেও অর্ধশত হাঁকিয়েছেন ৩৯টি। ৩০ বছর বয়সে অভিষেকের পর আন্তর্জাতিক ক্রিকেটে এমন রেকর্ড একজন খেলোয়াড়ের জন্য অভাবনীয় বললেও কমই বলা হয়।