আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন পন্টিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিকেটের সর্বোচ্চ পর্যায়ে কাটিয়ে দিয়েছেন ১৭টি বছর। বয়সও হয়ে গেছে ৩৭। টেস্ট ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক রিকি পন্টিংয়ের সাম্প্রতিক সময়টাও ভালো কাটছে না। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান টেস্ট সিরিজের প্রথম দুই টেস্টে যাচ্ছেতাই পারফরম্যান্সের পর আছেন বাদ পড়ার খড়গের নিচে। কিন্তু নির্বাচকদের সে সুযোগটি দিলেন না আধুনিক ক্রিকেটের অন্যতম সেরা এই ব্যাটসম্যান। তার আগেই নিজের বিদায়ের ঘোষণা দিয়ে দিলেন তিনি।পন্টিং অবসরের ঘোষণা দিয়েছেন ঠিকই, কিন্তু সেটি বাস্তবায়িত হবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান সিরিজে পার্থে অনুষ্ঠেয় শেষ টেস্টটির পরপরই। তবে পার্থের ওয়াকা মাঠে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও ঘরোয়া ক্রিকেটে তিনি তাসমানিয়ার হয়ে খেলে যাবেন বলেই জানিয়েছেন।পার্থে অনুষ্ঠেয় সিরিজের শেষ টেস্টটি হতে যাচ্ছে রিকি পন্টিংয়ের ১৬৮তম টেস্ট। ব্যাগি গ্রিন মাথায় চড়িয়ে অস্ট্রেলীয় ক্রিকেটারদের মধ্যে পন্টিংয়ের চেয়ে বেশি টেস্ট খেলেছেন একমাত্র স্টিভ ওয়াহ।১৯৯৫-৯৬ মৌসুমে অস্ট্রেলিয়ার পক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক হওয়ার পর রিকি পন্টিং ১৬৭টি টেস্ট খেলেছেন। এ ১৬৭টি টেস্ট ম্যাচে তিনি ৫২.২১ গড়ে সংগ্রহ করেছেন ১৩,৩৬৬ রান। এর মধ্যে রয়েছে ৪১টি সেঞ্চুরি। অধিনায়ক হিসেবে তাঁর ঝুলিতে আছে ৪১টি টেস্ট জয়। অস্ট্রেলিয়াকে অধিনায়ক হিসেবে দুটি বিশ্বকাপ জয়েও নেতৃত্ব দিয়েছেন রিকি পন্টিং।