আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় ব্রেট লির
ইনজুরি আর ইনজুরি। এই ইনজুরির কারণেই দ্রুত আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন—এমন আভাস তিনি দিয়েছিলেন কয়েক মাস আগেই। আজ শুক্রবার রাখঢাক না রেখে একেবারে বিদায় ঘণ্টাই বাজালেন অসি ফাস্ট বোলার ব্রেট লি।৭ জুলাই ইংল্যান্ডের বিপক্ষে চতুর্থ ওয়ানডে ম্যাচে ইনজুরিতে পড়েন লি। সেদিনই সামাজিক যোগাযোগের ওয়েবসাইট টুইটারে দেওয়া এক বার্তায় ৩৫ বছর বয়সী এই ফাস্ট বোলার জানিয়েছিলেন, আন্তর্জাতিক ক্রিকেটে আর দেখা যাবে না তাঁকে। পরীক্ষায় দেখা গেছে, লির গোড়ালির ইনজুরি গুরুতর। গতকালই দেশে ফেরেন তিনি। এ অবস্থায় আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে থাকার সিদ্ধান্তের আনুষ্ঠানিক ঘোষণাটা দিয়ে ফেললেন লি।সিডনি ক্রিকেট গ্রাউন্ডে আজ এক সংবাদ সম্মেলনে লি বলেছেন, ‘গত দুই-তিন রাত বিষয়টা নিয়ে অনেক ভেবেছি আমি। আজ ঘুম থেকে উঠেই মনে হলো আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় ঘোষণার সঠিক সময় আজই। এটা আমার কাঁধে ওপর একটা ভারী বোঝা হয়ে ছিল। গত দুই দিন খুব চিন্তিত ছিলাম আমি।’ বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, শ্রীলঙ্কায় আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়ার কথা ছিল লির। কিন্তু ইনজুরির কারণে সব পরিকল্পনা ভেস্তে গেল তাঁর। সেটা স্বীকার করে নিয়ে লি বলেন, ‘এটা (অবসর) বিশ্বকাপের পর নেওয়ার কথা ছিল। কিন্তু ঘুম থেকে ওঠার পর মনে হলো আজই সঠিক সময়। আন্তর্জাতিক ক্রিকেট খেলতে শারীরিক ও মানসিকভাবে শতভাগ যোগ্য থাকতে হয়। আমি মনে করি না, এর পরও দলে থাকাটা আমার বা দলের জন্য ভালো হতো।’লি-ভক্তদের জন্য অবশ্য একটা সুখবর আছে। আন্তর্জাতিক ক্রিকেটে না হলেও তাঁদের পছন্দের এই খেলোয়াড়কে দেখা যাবে অস্ট্রেলিয়া ও ভারতের টি-টোয়েন্টি প্রতিযোগিতায়। অস্ট্রেলিয়ার চ্যানেল নাইনকে দেওয়া সাক্ষাত্কারে লি নিজেই জানিয়েছেন কথাটা।১৯৯৯ সালের ডিসেম্বরে টেস্ট ক্রিকেট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় লির। ওয়ানডেতে অভিষেক হয় এক মাস পর। টেস্টে তাঁকে সর্বশেষ টেস্টে দেখা গেছে ২০০৮ সালে। ৭৬ টেস্টে লির অর্জন ৩১০ উইকেট। আর ওয়ানডেতে ২২১ ম্যাচে শিকার ৩৮০টি উইকেট।অস্ট্রেলিয়া দলের প্রধান নির্বাচক জন ইনভেরারিটি বলেছেন, ‘পরিসংখ্যানই ওর গল্প বলে দেয়। ব্রেট ক্রিকেটের অলংকার। ও সাহসী, লড়াকু। আক্ষরিক অর্থেই ও একজন ক্রিকেটার।’