আন্তর্জাতিক দাবাহীন দুই বছর
আগামী সেপ্টেম্বরে দুই বছর পূর্ণ হবে দাবা ফেডারেশনের বর্তমান অস্থায়ী কমিটির। এ পর্যন্ত একটিও আন্তর্জাতিক টুর্নামেন্ট করতে পারেনি তারা। দাবা ফেডারেশন সর্বশেষ কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন করে ২০০৯ সালের জুলাইয়ে। ইউনাইটেড ইন্স্যুরেন্স আন্তর্জাতিক গ্র্যান্ডমাস্টার্স দাবা, যেটি হয়েছিল আগের কমিটির সময়ে। ওই কমিটির চার বছরের সময়ের মধ্যে প্রতি দুই বছরে ঘুরেফিরে হয়েছিল দুটি গ্র্যান্ডমাস্টার ও দুটি আন্তর্জাতিক মাস্টার্স টুর্নামেন্ট।বর্তমান কমিটি গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদের উদ্যোগে আয়োজিত সিক্স সিজনস গ্র্যান্ডমাস্টার্স দাবা টুর্নামেন্ট আয়োজনের কৃতিত্ব ‘হাইজ্যাক’ করতে চায়। তবে এবার এই সেপ্টেম্বরে একটি আন্তর্জাতিক টুর্নামেন্টের আয়োজন করতে যাচ্ছে বর্তমান কমিটি, যেটি একটি জুনিয়র টুর্নামেন্ট—সার্ক আন্তর্জাতিক স্কুল দাবা। এখন পর্যন্ত ভারত ও নেপাল নাকি দল পাঠানোর অঙ্গীকার করেছে। পৃষ্ঠপোষকও চূড়ান্ত, বাংলাদেশের ঘরোয়া দাবায় স্কুলপর্যায়ের পৃষ্ঠপোষক স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক।ফেডারেশনের সাধারণ সম্পাদক মোকাদ্দেস হোসাইনের দিকে ব্যর্থতার তীর। তাঁর নেতৃত্বে দাবা ফেডারেশন এখন অযোগ্য এক ফেডারেশনে পরিণত হয়েছে বলে দাবাড়ুদের অভিযোগ। মোকাদ্দেসের কথা, ‘সার্ক টুর্নামেন্ট শুরু করব ২৮ সেপ্টেম্বর। ভালো একটা টুর্নামেন্ট করতে চাই।’ পৃষ্ঠপোষকতার অভাবেই এত দিন কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট শুরু করতে পারেননি বলে জানান। ফেডারেশনের কার্যক্রমে হতাশ গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ বলেছেন, ‘অবশ্যই এত দিনে অন্তত একটি আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন করা উচিত ছিল।’ আরেক গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান বুঝতে পারছেন না কেন স্পনসর পাওয়া যায় না, ‘ইউনাইটেড ইন্স্যুরেন্স কেন স্পনসর হচ্ছে না, সেটা আমি জানি না। তবে স্পনসর জটিলতা কাটিয়ে এমন একটি টুর্নামেন্ট অবশ্যই করা উচিত।’