আজ সকালে কনক্যাকাফ গোল্ডকাপের ফাইনালে মুখোমুখি হয়েছে মেক্সিকো ও যুক্তরাষ্ট্র। এটি দুই দলের ৫৮তম আন্তর্জাতিক ম্যাচ। তবে আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা ও উরুগুয়ে। এই দুই প্রতিবেশী একে অন্যের সঙ্গে ১৭৭টি ম্যাচ খেলেছে। ১৯০২ সালে মন্টেভিডিওতে প্রথম খেলায় সফরকারী আর্জেন্টিনার কাছে ০-৬ গোলে উড়ে গিয়েছিল স্বাগতিকেরা। ওই ম্যাচসহ আর্জেন্টিনা ৮৩টি ও উরুগুয়ে ৫৪টি ম্যাচ জিতেছে। এ ছাড়া দুই দেশের মধ্যে এক শর বেশি ম্যাচ খেলার উদাহরণ আছে মাত্র তিনটি। হল্যান্ড-বেলজিয়াম ১২২টি ও ইংল্যান্ড-স্কটল্যান্ড ১১১টি ও ইংল্যান্ড-ওয়েলস ১০০টি ম্যাচ খেলেছে। ১৮৭২ সালে শুরু ইংল্যান্ড-স্কটল্যান্ড প্রতিদ্বন্দ্বিতা। গ্লাসগোতে গোলশূন্যভাবে শেষ হওয়া দুই দলের ম্যাচটিই বিশ্বের প্রথম আন্তর্জাতিক ফুটবল ম্যাচ। বড় দলগুলোর মধ্যে আর্জেন্টিনা-ব্রাজিল খেলেছে সর্বাধিক ৯০টি ম্যাচ।