আন্তর্জাতিক ফুটবলকে বিদায় ফার্ডিনান্ডের

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন ইংলিশ ডিফেন্ডার রিও ফার্ডিনান্ড। আজ বুধবার ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) এ খবর জানিয়েছে।
এক বিবৃতিতে এফএ জানায়, ইংল্যান্ডের কোচ রয় হজসনকে নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন ফার্ডিনান্ড। আন্তর্জাতিক ফুটবলে খেলবেন না জানিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের এই ডিফেন্ডার বলেন, ‘অনেক ভাবনাচিন্তার পর আমি সিদ্ধান্ত নিয়েছি, আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর জন্য এটাই আমার কাছে সঠিক সময়। ৩৪ বছর বয়সে এসে আমার মনে হয়েছে, সরে দাঁড়িয়ে তরুণ খেলোয়াড়দের জায়গা করে দেওয়া উচিত। এতে আমার পক্ষে ক্লাব ক্যারিয়ারেও পূর্ণ মনোযোগ দেওয়া সম্ভব হবে।’
১৯৯৭ সালে ক্যামেরুনের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয় ফার্ডিনান্ডের। অবসর ঘোষণার আগে পর্যন্ত ইংল্যান্ডের হয়ে ৮১টি ম্যাচে অংশ নেন এই তারকা ডিফেন্ডার। গোল করেছেন তিনটি। আন্তর্জাতিক ফুটবলে ফার্ডিনান্ডকে সর্বশেষ দেখা গেছে ২০১১ সালে। সূত্র: রয়টার্স।