আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন জন টেরি
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন জন টেরি। গতকাল রোববার ইংল্যান্ড ও চেলসির এই ফুটবল তারকা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছেন, ‘ইংল্যান্ডের জার্সি গায়ে আন্তর্জাতিক ফুটবলে আর নয়।’৩১ বছর বয়স্ক জন টেরি ইংল্যান্ডের হয়ে ৭৮টি আন্তর্জাতিক ম্যাচে অংশ নিয়েছেন। ২০০৩ সালে অভিষেক হওয়ার পর বিশ্বকাপ খেলেছেন দুটি (২০০৬ ও ২০১০)। ২০০৬ সালের বিশ্বকাপে তিনি ছিলেন ইংল্যান্ডের অধিনায়ক। গতকাল তিনি জানিয়েছেন, ইংল্যান্ড জাতীয় দলে তাঁর অবস্থান ক্রমশ কঠিন হয়ে যাওয়ায় তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। বর্ণবাদের অভিযোগে জন টেরি এ মুহূর্তে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের একটি মামলা মোকাবিলা করছেন। জন টেরি গত অক্টোবরে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে কুইন্স পার্ক রেঞ্জার্সের ডিফেন্ডার অ্যান্টন ফার্দিনান্দের প্রতি বর্ণবাদী মন্তব্য করেছিলেন বলে অভিযোগ উঠেছে। যদিও গত জুলাইয়ে লন্ডনের একটি আদালত এই অভিযোগে তাঁকে নির্দোষ ঘোষণা করেছিলেন।জন টেরির মতে, ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন এই মামলা দিয়ে তাঁকে খুব কঠিন পরিস্থিতির দিকে ঠেলে দিয়েছে। তিনি বলেন, ‘যেখানে আদালত আমাকে এই অভিযোগ থেকে রেহাই দিয়েছেন, সেখানে এফএ এ ব্যাপারে নতুন করে অভিযোগ আনায় আমি কঠিন পরিস্থিতির মধ্যে পড়েছি।’ টেরি বলেন, ‘আমি জাতীয় দলের হয়ে যতগুলো ম্যাচে মাঠে নেমেছি, প্রতিটিতেই নিজের সবকিছু উজার করে দিয়েছি। তাই এই সিদ্ধান্ত আমার জন্য খুব কষ্টকর।’