আন্তর্জাতিক ব্যাডমিন্টন হচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিয়ম অনুসারে টুর্নামেন্ট শুরুর নয় মাস আগে বিডব্লুএফ স্বাগতিক হতে ইচ্ছুক দেশকে আমন্ত্রণপত্র পাঠায়। এবারও সেটি বাংলাদেশে এসেছিল। কিন্তু ওই ই-মেইল নাকি খুলেই দেখেননি সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গোলাম আজিজ জিলানী। বাংলাদেশের সাড়া-শব্দ না পেয়ে শেষ পর্যন্ত ভেন্যুটি সরিয়ে নিয়ে গেছে ব্যাডমিন্টনের সর্বোচ্চ অভিভাবক সংস্থা। বিডব্লুএফের ওয়েবসাইটে গেলেও টুর্নামেন্টের সূচিতে বাংলাদেশের নাম দেখা যাচ্ছে না। বর্তমান সাধারণ সম্পাদক আমির হোসেন এতে বিব্রত, ‘কীভাবে যে বলব বিষয়টা! সবাই আমাদের নিজেদের লোক। কিন্তু একজনের দায়িত্বহীনতার কারণে এখন আমাদের বিব্রত হতে হচ্ছে। তবে আমি দায়িত্ব নেওয়ার পরই বিডব্লুএফের সঙ্গে যোগাযোগ করেছি। আশা করি, মার্চ-এপ্রিলে আবার ঢাকায় এই টুর্নামেন্টের আয়োজন করতে পারব।’

টুর্নামেন্টের পৃষ্ঠপোষণা বাবদ প্রতিবছর ফেডারেশনকে ১৫ হাজার ইউএস ডলার (প্রায় ১২ লাখ ১৮ হাজার টাকা) ও অন্যান্য ক্রীড়া সরঞ্জাম দিত ব্যাডমিন্টনের বিশ্বখ্যাত ব্র্যান্ড ইউনেক্স। স্বাভাবিকভাবেই এসব পাওয়া যাবে না। সব মিলিয়ে খেলোয়াড়েরা হতাশ।

এমনিতেই কোনো ঘরোয়া ও আন্তর্জাতিক টুর্নামেন্ট নেই ব্যাডমিন্টনে। গত নভেম্বরে বাংলাদেশ সর্বশেষ আন্তর্জাতিক ব্যাডমিন্টন সিরিজে খেলেছিল নেপালে। আর এখন এই সিরিজ হাতছাড়া হয়ে যাওয়ায় ক্ষুব্ধ মহিলা এককে পাঁচবারের জাতীয় চ্যাম্পিয়ন শাপলা আক্তার, ‘ঘটনাটা শুনে আমরা খুব হতাশ। এখানে খেলে নিজেদের র‌্যাঙ্কিং বাড়িয়ে নিতে পারতাম। সামার টুর্নামেন্ট খেলেছি গত বছর অক্টোবরে। ঘরোয়া ও আন্তর্জাতিক কোনো টুর্নামেন্ট নেই। এভাবে চলতে থাকলে খেলাটাই হয়তো ছেড়ে দিতে হবে।’