আন্তর্জাতিক ব্যাডমিন্টনে উপেক্ষিত ওঁরা
আগামী ৩ থেকে ৭ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠেয় ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ উন্মুক্ত আন্তর্জাতিক ব্যাডমিন্টন টুর্নামেন্টের জন্য মিরপুর ইনডোর স্টেডিয়ামে ১ নভেম্বর থেকে শুরু হয়েছে আবাসিক ক্যাম্প। জাতীয় শাটলারদের প্রশিক্ষণ দিচ্ছেন মালয়েশিয়ান কোচ ফারজাদ শাহ।
ক্যাম্পে ডাক পেয়েছেন পুরুষ বিভাগে জাতীয় চ্যাম্পিয়ন এনামুল হক, বাংলাদেশ গেমসের চ্যাম্পিয়ন আইমান ইবনে জামান, আহসান হাবিব, রইচ উদ্দিন, সাইফ উদ্দিন, মোহাম্মদ জাভেদ, অহিদুল ইসলাম। অথচ কোনো রহস্যজনক কারণে ক্যাম্পে ডাক পাননি সাবেক জাতীয় চ্যাম্পিয়ন এনায়েতউল্লাহ খান ও সামার ওপেনে মেয়েদের বিভাগে দ্বৈতে চ্যাম্পিয়ন এলিনা খান!
সর্বশেষ সামার ওপেনে এককে এনায়েত ও এলিনা দুজনই সেমিফাইনালে উঠেছিলেন। ক্যাম্পে ডাক না পাওয়ায় দুজনই এর কারণ জানতে চেয়ে ফেডারেশনের সভাপতি রুবাবাদৌলা বরাবর চিঠি দিয়েছেন। কিন্তু ফেডারেশন কোনো উত্তর দেয়নি। কাল হতাশ এনায়েত বললেন, ‘আমি মাঝে কিছুদিন পারিবারিক সমস্যার কারণে খেলতে পারিনি। তাই আমার র্যাঙ্কিং শূন্যের কোঠায় চলে যায়। কিন্তু সর্বশেষ সামার ওপেনে যথেষ্ট ভালো খেলেছি। এর পরও কেন ফেডারেশন আমাকে বাদ দিল জানি না।’ অথচ সর্বশেষ সামার ওপেনে না খেলেও ক্যাম্পে সুযোগ পেয়েছেন দুলাল হোসেন। এসব বিষয়ে জানতে ফেডারেশন সাধারণ সম্পাদক যোবায়েদুর রহমানের মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি ধরেননি।
ঢাকায় দুই বছর আগে শুরু হয় ইউনেক্স-সানরাইজ আন্তর্জাতিক টুর্নামেন্ট। সেই ধারাবাহিকতায় এবারও অংশ নেওয়ার কথা ১২টি দেশের। এরই মধ্যে অংশগ্রহণ নিশ্চিত করেছে ভারত, শ্রীলঙ্কা, নেপাল, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, তাইওয়ান ও ভিয়েতনাম। পুরুষ একক ও দ্বৈত, মহিলা একক ও দ্বৈত এবং মিশ্র দ্বৈত—খেলা হবে এই পাঁচটি ইভেন্টে। প্রাইজমানি ১৫ হাজার মার্কিন ডলার।
এ রকম বড় একটি আন্তর্জাতিক টুর্নামেন্টের জন্য প্রস্তুতি অনেক কম হয়েছে বলেই মনে করেন বাংলাদেশ গেমসে ত্রিমুকুটজয়ী শাপলা আক্তার, ‘আমাদের আরও আগে থেকে প্রস্তুতি শুরু করা উচিত ছিল। এত কম সময়ে এত বড় টুর্নামেন্টের জন্য ভালো প্রস্তুতি নেওয়া যায় না।’