আন্তর্জাতিক মহিলা কাবাডি আজ শুরু
পল্টন কাবাডি স্টেডিয়ামে আজ শুরু হচ্ছে ওয়ালটন আন্তর্জাতিক আমন্ত্রণমূলক মহিলা কাবাডি। এতে অংশ নিচ্ছে নেপাল, ভারতের তিনটি রাজ্য দল—পশ্চিমবঙ্গ, আসাম ও অন্ধ্র প্রদেশ। বাংলাদেশের একমাত্র দল বিজেএমসি। ফাইনাল ২৯ আগস্ট।লিগ পদ্ধতির টুর্নামেন্টে পয়েন্ট তালিকার সেরা দুটি দল খেলবে ফাইনাল। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল পাবে একটি করে রঙিন টেলিভিশন। সেরা খেলোয়াড়ের পুরস্কার একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন। টুর্নামেন্টের পৃষ্ঠপোষক ইলেকট্রনিকস পণ্য নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটন। ঢাকায় আন্তর্জাতিক টুর্নামেন্ট, অথচ এতে খেলছে বাংলাদেশের একটি মাত্র দল। ফেডারেশনের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম এ ব্যাপারে বললেন, ‘আমি নিজে আনসার সদর দপ্তরে গিয়ে আমন্ত্রণের চিঠি দিয়ে এসেছি। কিন্তু আনসার থেকে কোনো সাড়া পাইনি। বাংলাদেশ গেমসের সময় আনসার-বিজেএমসি খেলায় মারামারি হলেও আমরা আনসারকে সাসপেন্ড করিনি। কিন্তু এখন আনসার নিজেরাই খেলতে আগ্রহী নয়। আমাদের অন্য দলগুলো তত ভালো নয়। এ জন্য শুধু বিজেএমসিই খেলছে এই প্রতিযোগিতায়।’কাবাডির চিরকালীন একটা সমস্যার নাম আম্পায়ারিং। তবে এই টুর্নামেন্টে আম্পায়ারিং নিয়ে কোনো প্রশ্ন উঠবে না বলে বিশ্বাস নজরুল ইসলামের, ‘এই টুর্নামেন্টের জন্য আমরা আলাদাভাবে আম্পায়ারিং কোর্স করিয়েছি। নতুন কিছু আম্পায়ারকে ৮-১০ দিনের ট্রেনিং দিয়েছি। আশা করছি, এবার আম্পায়ারিং নিয়ে কোনো সমস্যা হবে না।’