আন্দোলনে ফুটবলাররা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌসুমের প্রথম টুর্নামেন্ট ফেডারেশন কাপ শেষ। ১ ফেব্রুয়ারি লিগ শুরু হওয়ার কথা। এত দিনে এসে বিদেশি ফুটবলারের আগ্রাসন নিয়ে একটা অবস্থান নিতে চলেছেন ফুটবলাররা। তারই অংশ হিসেবে কাল রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় খেলার মাঠে একত্র হয়েছেন দেশের প্রায় সব শীর্ষ খেলোয়াড়সহ অন্তত ৫০-৬০ জন।এ বছর সাতজন বিদেশি নিবন্ধন করার সুযোগ পেয়েছে বাংলাদেশ লিগের ১১টি দল। চারজন করে খেলতে পারছেন প্রতি ম্যাচ। যখন বিদেশির নিবন্ধন বাড়ানো হয়েছিল, খেলোয়াড়েরা কোনো অবস্থান নেননি। এমনকি ইকবাল হোসেন ও আরিফ খান জয়ের নেতৃত্বাধীন খেলোয়াড় কল্যাণ সমিতি ছিল বিস্ময়করভাবে নিশ্চুপ।এখন আন্দোলন করে কতটা ফায়দা হবে, সে প্রশ্ন আছে। কারণ, সব দলই বিদেশি-নির্ভর দল গড়ে ফেলেছে। খেলোয়াড়েরা আগে আন্দোলন করলে হয়তো কিছু আদায় করা যেত, বলছেন অনেকে। তার পরও কেন এখন আন্দোলন?জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল জানাচ্ছেন, ‘আমরা এই সভায় বসেছি দুটি লক্ষ্য নিয়ে। প্রথমত খেলোয়াড় সমিতি চাঙা করা। এই সমিতিতে খেলোয়াড় নিবন্ধন আজও হয়নি, দ্রুত সেটা করার আহ্বান জানাব বর্তমান নেতৃত্বকে। লিগের প্রথম পর্ব শেষে বিদেশি কমানোর জন্য খেলোয়াড় কল্যাণ সমিতির ব্যানারে বাফুফেকে চিঠি দেব আমরা। আগামী মৌসুমে যতটা সম্ভব কম বিদেশির অনুমতি দেওয়ার জন্য জোর দাবি জানাব।’হঠাৎ করেই আহূত ফুটবলারদের এই জমায়েতে এমিলিসহ বর্তমান জাতীয় দলের খেলোয়াড়েরাই ছিলেন বেশি উচ্চকণ্ঠ। উদ্যোগটা মূলত তাঁদেরই। চার বিদেশি খেলানোর কারণে জাতীয় দলের অনেকেরই ঠিকানা সাইড বেঞ্চ। এটা গতবার শেখ জামালে প্রবলভাবে দেখা গিয়েছে। এমিলি বলছেন, ‘১১টি দলে ৭০-৮০ জন বিদেশি। ২০-৩০ কোটি টাকা চলে যাচ্ছে দেশের বাইরে। দেশের অনেক খেলোয়াড় সুযোগ পাচ্ছে না। এ অবস্থায় আর বসে থাকতে পারি না আমরা।’সভায় আরও ছিলেন মামুনুল, কমল, সুজন, মিশু, আরিফ, রেজাউল, মিঠুন, শাকিল, মারুফ, মিন্টু শেখসহ প্রথম সারির সব খেলোয়াড়। আজ খেলোয়াড় কল্যাণ সমিতির নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন তাঁরা।