আন্দোলনের বলি ফাইনাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাঠে চলছিল জাতীয় যুব হকির ফাইনাল। পুরস্কার দিতে এসেছিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী। কিন্তু হঠাৎ করেই সব ভণ্ডুল। ৪৪ মিনিট পরই খেলা বাতিল। মাঠে ঢুকে গেলেন জাতীয় দলের সাবেক ও বর্তমান খেলোয়াড় প্রিন্স, জিমি, বিপ্লব, রাজন, ইসা, মুসা, রানা, চয়ন, জন, বাপ্পি, হাসানরা। বিব্রত ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার। নিয়মিত খেলা নেই। লিগ বন্ধ। দলবদলেরও কোনো খোঁজখবর নেই। মাঠে খেলা ফিরিয়ে আনতে হবে, দলবদল দিতে হবে, ফেডারেশনের ব্যর্থ কর্মকর্তাদের পদত্যাগ করতে হবে—এই দাবি নিয়ে হকি খেলোয়াড়েরা কাল এসেছিলেন মওলানা ভাসানী স্টেডিয়ামে।খেলা পণ্ড হওয়ায় বিস্মিত দুই ফাইনালিস্ট ঢাকা ও রাজশাহীর খেলোয়াড়েরা। আন্দোলনরত খেলোয়াড়দের কাছে খেলা শুরুর অনুরোধ জানান ফেডারেশনের সভাপতির প্রতিনিধি বিমানবাহিনীর উইং কমান্ডার রাফি। সবাইকে বোঝাতে চেষ্টা করেন, ‘খেলা বন্ধ করে সমস্যার সমাধান নয়। খেলা শেষ হলে আলোচনার ভিত্তিতেই সব দাবি মেনে নেওয়া হবে।’খেলা বন্ধ করে এই আন্দোলন কেন? আন্দোলনরত খেলোয়াড়দের পক্ষে আরিফুল হক (প্রিন্স) বলেন, ‘আমরা সুযোগ খুঁজছিলাম। মন্ত্রী, ফেডারেশন সভাপতি, সাধারণ সম্পাদক সবাইকে এক দিনে পেতে এই ফাইনালটিকেই বেছে নিয়েছি।’ তবে এই আন্দোলনের নেতিবাচক ও ইতিবাচক দুটি দিকই দেখছেন জাতীয় দলের সাবেক খেলোয়াড় রফিকুল ইসলাম (কামাল), ‘এখন হকির অবস্থা এমন পর্যায়ে গেছে যে তারা হয়তো এমন একটা সুযোগের অপেক্ষায় ছিল। এটা ইতিবাচক। আবার নেতিবাচক দিক হলো, তরুণ খেলোয়াড়দের সামনে উদাহরণ রাখতে পারল না সিনিয়ররা। তবে এটা সত্যি, কোনো উপায় না দেখেই হয়তো ওরা এসব করেছে। এতে যদি সংশ্লিষ্ট কর্তাব্যক্তিদের টনক নড়বে।’ ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক শামসুল বারী বলেন, ‘হকির জন্য এটা কলঙ্ক। হকির ভবিষ্যৎ আসলে ভালো না।’ক্রীড়া প্রতিমন্ত্রী এমনিতেই ক্ষুব্ধ ফেডারেশনের ওপর। এর ওপর কাল ফাইনালেও আসেননি সাধারণ সম্পাদক খন্দকার জামিলউদ্দিন। কাল তিনি বলেই ফেললেন, ‘আমি তাঁকে (জামিলউদ্দিন) বেশির ভাগ সময়ই ফেডারেশনে পাই না। অনেক আগেই এই ফেডারেশন ভেঙে দেওয়ার চিন্তাভাবনা করেছিলাম। কিন্তু এটা নির্বাচিত বলেই ভাঙতে পারিনি।’ তবে চলমান সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন তিনি, ‘আগামী সোমবার জাতীয় ক্রীড়া পরিষদে খেলোয়াড়দের নিয়ে বসব। আশা করি, সমস্যার সমাধান হবে।’ এ ব্যাপারে খন্দকার জামিলউদ্দিনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।কাল শেষ পর্যন্ত খেলা আর হয়নি। তবে বাইলজ ভঙ্গ করে ঢাকা ও রাজশাহী দুই দলকে ঘোষণা করা হয় যুগ্ম চ্যাম্পিয়ন।