আন্ধেরিতে তারার মেলা

কাগজে একটা কবিতা লিখে নিয়ে এসেছিলেন যুবরাজ সিং। মঞ্চে ডাক পড়তেই মাইক হাতে নিয়ে সেটা আবৃত্তি করে শোনালেন। পরে জানালেন, সেটা তাঁরই এক বন্ধু লিখে দিয়েছেন শচীন টেন্ডুলকারকে শ্রদ্ধা জানিয়ে।
আমির খান কবিতা পড়লেন না। বন্ধুর জন্য গিটার হাতে গান ধরলেন বলিউড অভিনেতা। নায়ক হিসেবে তাঁর প্রথম ছবির সেই গান, ‘পাপা ক্যাহতে হ্যায়...’—যেটা দিয়ে আমির জয় করেছিলেন ভারতের সিনেমাপ্রেমীদের হূদয়। এর পরের বছরই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল টেন্ডুলকারের। ‘বাবা বলে, ছেলে নাম করবে’—টেন্ডুলকারও নাম করেছেন!
ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি অনুরোধ করলেন, মুম্বাইতে ম্যাচ থাকলেই মাঠে চলে যাওয়ার। বললেন, ‘অবসর নিলেও আমরা টেন্ডুলকারকে ছাড়ব না। ভারত মুম্বাইতে খেললেই মাঠে আসতে হবে তোমাকে, দলের পাশে দাঁড়াতে হবে, নতুনদের শেখাতে হবে।’
শ্রদ্ধা আর ভালোবাসার পাশাপাশি এ যেন ভারতীয় ক্রিকেট, বলিউড আর রাজনীতির মিলনমেলাও। পরশু রাতে মুম্বাইয়ের আন্ধেরির এক হোটেলে যে মিলনমেলার আয়োজক ছিলেন শচীন টেন্ডুলকার নিজে। অবসরের পরদিনই দীর্ঘ সংবাদ সম্মেলনে মনের দুয়ার খুলে দিয়েছিলেন মিডিয়ার কাছে। পরশু সেই আবেগ ভাগাভাগি করে নিলেন বন্ধু, প্রিয়জন আর কাছের মানুষের সঙ্গেও। যে বন্ধু আর প্রিয়জনের মধ্যে ভারতীয় ক্রিকেট দলের সাবেক ও বর্তমান অনেক ক্রিকেটার ছাড়াও ছিলেন বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন, আমির খান, রাহুল বোস, সংগীতশিল্পী আশা ভোঁসলে, মুম্বাই ইন্ডিয়ানসের কর্ণধার নীতা আম্বানি, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পৃত্থীরাজ চৌহান, সাবেক আইসিসি প্রধান ও মন্ত্রী শারদ পাওয়ার এবং সাবেক ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার ব্রায়ান লারাসহ আরও অনেকে।
বয়সের কিছুটা ব্যবধান আছে। তবে আমির আর টেন্ডুলকারের বন্ধুত্বের পথে সেই সাত-আট বছরের ব্যবধান বাধা হয়ে দাঁড়াতে পারেনি। বন্ধুর কণ্ঠে গান উপহার পাওয়ার পর টেন্ডুলকারও জানালেন আমিরের সিনেমাগুলো কতটা আনন্দ দিয়েছে তাঁকে, ‘অবসর পেলেই আমি যুবরাজ আর হরভজনকে বলতাম চল আমিরের সিনেমা দেখে আসি। ধন্যবাদ আমির। তুমি এত ভালো ভালো সিনেমা করেছ।’
টেন্ডুলকারের বিদায়ী ভাষণে আবেগাপ্লুত হয়েছেন ক্রিকেটানুরাগীদের প্রায় সবাই। স্বল্পভাষী জামাতার মুখে এমন চমৎকার বক্তৃতা শুনে অভিভূত টেন্ডুলকারের শাশুড়ি অ্যানাবেল মেহতাও। বেশ কয়েক দিন পেরিয়ে যাওয়ার পরও যেন টেন্ডুলকারের সেই বিদায়ী ভাষণের ঘোর কাটছে না তাঁর, ‘আমরা সবাই ওর বক্তৃতা শুনে স্তব্ধ হয়ে গিয়েছিলাম। এককথায় অবিশ্বাস্য। আমি জানি না এত আবেগের সময়টাতেও কীভাবে সে এমন চমৎকার বক্তৃতা দিল।’
অবসরের পরের জীবনে টেন্ডুলকার কী করবেন, এ ব্যাপারে কোনো ধারণা আছে কি না—এমন প্রশ্নে জামাতাকে নিয়ে বেশ মজাও করলেন অ্যানাবেল, ‘আমি নিশ্চিত নই। তবে আমার মনে হয় ওর স্ত্রী, মানে আমার মেয়ে অঞ্জলি ওকে ঘরের কাজে লাগানোর পরিকল্পনা করছে। টেন্ডুলকার রান্নাবান্নায় বেশ আগ্রহী। ওদিকে আমার মেয়ে এ কাজটা একদম পছন্দ করে না। হয়তো এখন থেকে কাজটা টেন্ডুলকারই করবে।’
দীর্ঘদিনের বন্ধু ব্রায়ান লারা নাকি ইতিমধ্যেই টেন্ডুলকারকে আমন্ত্রণ জানিয়েছেন ত্রিনিদাদে ছুটি কাটাতে যাওয়ার জন্য। এ তথ্যটা জানিয়ে অ্যানাবেল ইচ্ছে প্রকাশ করলেন পারিবারিক এ ভ্রমণে নিজেও সঙ্গী হওয়ার, ‘লারা আমাকে বলেছে সে টেন্ডুলকারকে নিমন্ত্রণ করেছে ত্রিনিদাদ যেতে। আমি বলেছি শুধু ওকে নিমন্ত্রণ করলে হবে না, আমাকে করতে হবে। আমিও ওদের সঙ্গে ঘুরতে যেতে চাই।’ তথ্যসূত্র: ভারতীয় পত্রিকা।