আপত্তিকর মন্তব্য করায় লেম্যানকে জরিমানা

আউট জেনেও মাঠের বাইরে না গিয়ে ‘নির্লজ্জ প্রতারণা’ করেছেন স্টুয়ার্ট ব্রড—গত বুধবার অ্যাশেজের পঞ্চম টেস্ট শুরুর আগে এ মন্তব্য করেছিলেন ড্যারেন লেম্যান। শুধু এটুকু বলেই ক্ষান্ত দেননি অস্ট্রেলিয়ার কোচ। আশা প্রকাশ করেছিলেন, ফিরতি অ্যাশেজে অস্ট্রেলীয় সমর্থকেরা যেন এমন কাজ করে, যাতে চোখে জল নিয়ে দেশে ফিরতে হয় ব্রডকে! আপত্তিকর মন্তব্যের জন্য শাস্তিও পেতে হলো ৪৩ বছর বয়সী লেম্যানকে। গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে আইসিসি জানিয়েছে, অস্ট্রেলিয়ার কোচকে তাঁর ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়েছে। দোষ স্বীকার করে শাস্তিটা মেনে নিয়েছেন লেম্যান।
ক্রিকেটে আউট হওয়ার পর স্বেচ্ছায় মাঠ ছেড়ে বেরিয়ে আসার পক্ষে-বিপক্ষে কথা চালাচালি হচ্ছে অনেক দিন থেকেই। এবারের অ্যাশেজে বিতর্কটা উসকে দেন ব্রড। ঘটনাটা প্রথম টেস্টের তৃতীয় দিনের শেষ সেশনের। ৩৭ রানে ব্যাট করছিলেন ব্রড। অ্যাশটন অ্যাগারের বল ব্রডের ব্যাট ঘেঁষে বেরিয়ে যাওয়ার পর হাডিনের গ্লাভসে লেগে স্লিপে ক্যাচ হয়। কিন্তু আউট দেননি আম্পায়ার আলিম দার। বিস্মিত অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্ক যে রেফারেল চাইবেন, সেই উপায়ও ছিল না। কারণ ইনিংসে বরাদ্দ দুটি রেফারেল আগেই খরচ করে ফেলেছিলেন তাঁরা। ব্রড বলটা খেলেই শঙ্কাভরা চোখে আম্পায়ারের দিকে তাকিয়ে ছিলেন। কিন্তু আম্পায়ার আউট দেননি দেখে নির্বিকারভাবে ব্যাট চালিয়ে যান। এই নাটকের পর বেলের সঙ্গে দিনটাও পার করে দেন তিনি। পরের দিন আউট হন ৬৫ রান করে। ব্রড আউট হওয়ার কিছুক্ষণের মধ্যেই গুটিয়ে যায় ইংল্যান্ড। আলিম দারের ভুল সিদ্ধান্তটির মাশুল অস্ট্রেলিয়া দলকে দিতে হয় ১৪ রানের হার দিয়ে।
সিরিজে এখন পর্যন্ত ৩-০তে পিছিয়ে অস্ট্রেলিয়া। সেই ম্যাচটা জিতলে সিরিজের ফলাফল হয়তো অন্য রকম হতেও পারত। অন্তত অস্ট্রেলিয়ার দুঃখ সেটাই। এক মাস পেরিয়ে গেলেও তাই ব্রডের ঘটনাটা মন থেকে তাড়াতে পারছেন না লেম্যান। ক্রিকেটীয় ভদ্রতার মুখোশ ছুড়ে ফেলে এর পাল্টা জবাব দেওয়ার জন্য দুই দিন আগে এক রকম উসকানিই দেন তিনি, ‘অবশ্যই আমাদের খেলোয়াড়েরা ঘটনাটি ভোলেনি। আমি নিশ্চিত, ব্রডের নির্লজ্জ প্রতারণার জবাব অস্ট্রেলীয় সমর্থকেরা দেবে। আশা করছি, কাঁদতে কাঁদতে দেশে ফিরতে হবে তাঁকে।’ সূত্র: রয়টার্স।