আপন খেয়ালে সাকিব

ম্যাচ অনুশীলনের একটা সুযোগ ছিল প্রস্তুতি ম্যাচে, এখন তো মনে হচ্ছে নেট অনুশীলনেই চালিয়ে নিতে হবে...
—হুম...।
প্রিমিয়ার লিগে খেলার চিন্তা আছে?
—না।
অনেক দিন মাঠের বাইরে ছিলেন...
—কিছু করার নেই।
ম্যাচ অনুশীলনের ঘাটতি থেকে গেল না?
—জানি না। খারাপ করলে থাকবে, ভালো করলে থাকবে না।
এক দিক থেকে বাংলাদেশের জন্য তো মনে হয় ভালোই হলো নিউজিল্যান্ড ম্যাচ খেলতে না পারায়...
—বলতে পারেন।
২০১০ সিরিজে ছিলেন অধিনায়ক, দলের সেরা পারফরমারও। এবার লক্ষ্য কী?
—এখন পর্যন্ত কোনো লক্ষ্য নেই।
সিরিজে প্রত্যাশা কী?
—ভালো ক্রিকেট খেলব, তারপর দেখা যাবে।
বাংলাদেশের জন্য সবচেয়ে বড় হুমকি হতে পারেন কে?
—আই ডোন্ট নো।
বাংলাদেশ ক্রিকেটের অনুসারী মাত্রেরই বুঝে ফেলার কথা এই কথোপকথনে উত্তরদাতা কে। সাকিব আল হাসানের সংবাদ সম্মেলন মানেই বেশির ভাগ সময় ‘পর্বতের মূষিক প্রসব।’ প্রশ্নের ব্যাপ্তি বিশাল, উত্তর ছোট্ট। কখনো কখনো কাঠখোট্টা। দেশের ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন তিনি, সম্ভবত সবচেয়ে জনপ্রিয় তারকাও। স্বাভাবিকভাবেই সংবাদকর্মীদের কাছে সবচেয়ে কাঙ্ক্ষিত। কিন্তু সাকিবের সংবাদ সম্মেলন অনেক সময়ই সংবাদকর্মীদের জন্য দুঃস্বপ্ন। প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীরা লেখার ‘অ্যাঙ্গেল’ খুঁজে পেতে হয়রান, ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা ভেবে পান না কোন ‘বাইট’ দেখাবেন। ফ্লাইট, লুপ বা আর্মারে ব্যাটসম্যানকে বিভ্রান্ত করার মতোই নির্মল বিনোদন খুঁজে পান হয়তো এই ব্যাপারটিতেও। শুরুর দিকের বিস্ময় ও হতাশার পর অভ্যস্ত সংবাদকর্মীরাও এখন এসবে খুঁজে পান মজার দিকটাই। এমন কিছুর জন্য প্রস্তুত থাকেন সব সময়ই। তার পরও উত্তরের নির্লিপ্ততায় সাকিব মাঝেমধ্যে ছাড়িয়ে যান নিজেকেও। যেমন গেলেন কাল, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।
প্রায় ৩০ সেকেন্ডব্যাপী প্রথম প্রশ্নের উত্তরে শুধুই একটি ‘হুম।’ সাকিবের কালকের ফর্মটা আন্দাজ করা যাচ্ছিল তখনই। ‘প্রভাতের সূর্য’ সঠিক বার্তাই দিয়েছিল। সংবাদ সম্মেলনের পরের অংশটুকুও চলল একই ধারায়—হ্যাঁ, হুম, না-জাতীয় শব্দেই সীমাবদ্ধ বেশির ভাগ উত্তর। কখনো চোখ নাচিয়ে, ঠোট বাঁকিয়ে, মাথা ঝুঁকিয়ে, কাঁধ ঝাঁকিয়ে, উত্তর দিলেন শুধু চোখমুখের ভঙ্গি আর ইশারাতেই। এমন নয় যে কাল খুব ‘মুড অফ’ ছিল, মুখে কয়েকবার খেলে যাওয়া হাসিটা তো স্বতঃস্ফূর্তই মনে হলো। তার পরও অমন প্রশ্নোত্তর পর্বের ব্যাখ্যা হয়তো সেই ক্লিশে হয়ে যাওয়া কথাটিই—সাকিব এমনই! মাঠের ভেতরে যেমন, বাইরেও সবার থেকে আলাদা। তিনি আপন খেয়ালের রাজা।
মে মাসে জিম্বাবয়ে সিরিজের পর ক্রিকেট বলতে খেলেছেন শুধু টি-টোয়েন্টি—ইংল্যান্ডের ফ্রেন্ডস প্রভিডেন্ট টি-টোয়েন্টি, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ। ওয়েস্ট ইন্ডিজ থেকেই বয়ে আনা চোটের কারণে ঢাকা প্রিমিয়ার লিগে খেলতে পেরেছেন মাত্র একটি ম্যাচ। প্রস্তুতি ম্যাচের ১৪ জনের প্রথম দলে না থাকলেও পরে ১২ জনের দলে তাঁকে রাখা হয় ম্যাচ অনুশীলনে ঘাটতির কথা ভেবেই। সেই ম্যাচটি ভেস্তে গেল কাল দ্বিতীয় দিন সকালেই। দলের সবচেয়ে বড় ভরসার প্রস্তুতিতে ঘাটতি থেকে গেলে শঙ্কা জাগবে স্বাভাবিক। কিন্তু সাকিব নিজে খুব একটা ভাবিত নন। ম্যাচ অনুশীলনের ঘাটতি নিয়ে প্রশ্নটি তাই একটু ঘুরিয়ে করা হলো আরেকবার। সাকিবের উত্তর আগের মতোই, ‘ওই যে বললাম, ভালো খেলতে পারলে সমস্যা নেই। না পারলে সমস্যা।’

দু-একটি উত্তর অবশ্য বিস্ময়করভাবে প্রশ্নের চেয়ে বড় হলো। ভেট্টোরির না থাকার সুবিধা, বাংলাদেশের সম্ভাবনা, এমন দু-একটি প্রসঙ্গ দু-এক শব্দ ছাড়িয়ে দু-তিন লাইন পর্যন্ত গড়াল! বললেন, ‘উইকেট একদমই নতুন। এখানে একটা বলও হয়নি, কেমন হবে, কী হবে বলা মুশকিল।’ তবে এসব নিয়ে খুব একটা চিন্তিত, তা ভাবার অবকাশ তাঁর নেই।
শুধু বলার জন্যই বলা নয়। সাকিবকে অনুসরণ করে থাকলে সবারই জানা থাকার কথা, তিনি ভাবেন এভাবেই। মাঠের ভেতরে-বাইরে কোনো কিছুর প্রভাব ফেলতে দেন না পারফরম্যান্সে। নিজের পারফরম্যান্সের নিয়ামক হতে দেন না অন্য কিছু বা কাউকে। আপন খেয়ালের মতো তাই মাঠের পারফরম্যান্সেও তিনি রাজা। আর মাঠের রাজা বলেই তাঁর আপন খেয়ালও হয়ে ওঠে আর সবার কৌতূহলের বিষয়!