আপন ঘরেই অতিথি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে আন্তর্জাতিক ব্যাডমিন্টন চ্যালেঞ্জে খেলতে নিয়মিত অনুশীলন করেছেন শেভন জেমি লাই। ঢাকায় মিরপুর ইনডোরে চলমান টুর্নামেন্টে মালয়েশিয়া জাতীয় দলের এই শাটলারই শীর্ষ বাছাই। তাঁর সঙ্গে টক্কর দিতে পারেননি বাংলাদেশের কোনো খেলোয়াড়।
এই আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য কোনো ক্যাম্প ডাকেনি বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন। গত মাসে জাতীয় প্রতিযোগিতা হয়েছে সিলেটে। ক্যাম্প না হওয়ার এটা একটা কারণ। আসলে কারণ যা-ই হোক, আন্তর্জাতিক প্রতিযোগিতার আগে নিজেদের ভালোভাবে তৈরি করার কোনো বিকল্প নেই। সেটি হয়নি বলেই ঘরের কোর্টে ভরাডুবি বাংলাদেশের।
১৬ জন পুরুষ ও ৪ জন নারী খেলোয়াড় নিয়ে গঠন করা হয়েছিল বাংলাদেশ দল। কিন্তু বাংলাদেশের খেলোয়াড়েরা হেরেছেন প্রায় সব এককেই। একমাত্র সাফল্য বলতে মিশ্র দ্বৈতের সেমিফাইনালে উঠেছিলেন আহসান হাবিব পরশ-শাপলা আক্তার ও মোয়াজ্জেম-বৃষ্টি। কাল এই দুটি জুটিও বিদায় নিয়েছে শেষ চারে। আগামীকাল শেষ হতে যাওয়া প্রতিযোগিতায় বাংলাদেশ দল এখন দর্শক।
ব্যাডমিন্টনের আন্তর্জাতিক সাফল্য বলতে সর্বশেষ এসএ গেমসে দলীয় ব্রোঞ্জ জিতেছিল বাংলাদেশ। কিন্তু যেভাবে চলছে তাতে ভবিষ্যতে এসএ গেমসে ব্রোঞ্জ আসাও কঠিন। ‘কোর্টের অভাবে’ নিয়মিত টুর্নামেন্ট আয়োজন করতে পারছে না ফেডারেশন। ব্যাডমিন্টন থমকে আছে বলে মেনে নিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক জোবায়দুর রহমান, ‘আমরা সত্যিই স্থবির হয়ে আছি। আমাদের আরও এগিয়ে যাওয়া উচিত ছিল।’
এগিয়ে যাওয়া দূরের কথা বাংলাদেশের ব্যাডমিন্টন পিছিয়েই পড়ছে। একটা সময় সহজেই নেপালকে হারাতেন বাংলাদেশের খেলোয়াড়েরা, সেই নেপাল এখন ‘বাঘ’। তারা মালয়েশিয়ায় অনুশীলন ক্যাম্প করছে। সেটিরই ফল পেয়েছে। দু-একটি ব্যতিক্রম বাদ দিলে এই প্রতিযোগিতায় নেপালের কাছে পর্যন্ত দাঁড়াতে পারেননি বাংলাদেশের খেলোয়াড়েরা।
বাংলাদেশের বড় সমস্যা টানা অনুশীলন না থাকা। পাঁচবারের জাতীয় চ্যাম্পিয়ন শাপলা আক্তার আক্ষেপ করে বলছিলেন, ‘আমরা অনেক পিছিয়ে আছি। অনুশীলন বন্ধ থাকলে স্বাভাবিকভাবেই আমাদের পারফরম্যান্স আরও নিচে নেমে যায়।’
লিগ বন্ধ বলে খেলোয়াড়দের উপার্জনের রাস্তাও বন্ধ। ছেলেরা বিভিন্ন জেলায় খেলে কিছু টাকা পেলেও মেয়েদের সেই সুযোগও নেই। এ কারণে ব্যাডমিন্টনে ধীরে ধীরে মেয়েরা ঝরে পড়ছে। এই টুর্নামেন্টে গতবার বাংলাদেশের ছয়জন নারী খেলোয়াড় ছিলেন, এবার কমে গেছে দুজন!