আপন মহিমায় ভাস্বর রোনালদো
গত মৌসুম যেখানে শেষ করেছিলেন, এ মৌসুমটা ঠিক সেখান থেকে শুরু করতে পারেননি। প্রতি ম্যাচে গোল করাকে যিনি প্রাত্যহিক প্রাতরাশের মতো অভ্যাস বানিয়ে ফেলেছেন, লা লিগার প্রথম পাঁচ ম্যাচে ৩ গোল তাঁর নামের পাশে খানিকটা বেমানানই। ক্রিস্টিয়ানো রোনালদো অবশ্য নিজেকে ফিরে পেতে খুব বেশি সময় নিলেন না। সপ্তাহের শুরুতে দেপোর্তিভোর সঙ্গে করেছিলেন হ্যাটট্রিক, তিন দিন পর চ্যাম্পিয়নস লিগে করলেন হ্যাটট্রিক। এবার প্রতিপক্ষ আয়াক্স। ফর্মে ফিরলেন একেবারে মোক্ষম সময়েই, বার্সেলোনার সঙ্গে সেই পরম প্রার্থিত এল ক্লাসিকোর দুই দিন আগে!রিয়ালের হয়ে নিজের ১৭তম হ্যাটট্রিককে রোনালদো দেখছেন এল ক্লাসিকোর পূর্বপ্রস্তুতিই হিসেবেই, ‘আমি খুব খুশি কারণ আমরা ভালো খেলেছি ও জিতেছি। আমার জন্য তিন গোল করাটাও অনেক গুরুত্বপূর্ণ। পরের ম্যাচ (বার্সেলোনার সঙ্গে) এটা অনেক আত্মবিশ্বাস জোগাবে। আমি আত্মবিশ্বাসী ন্যু ক্যাম্পের মতো কঠিন জায়গায় আমরা ভালো ফলই পাব।’ কিছুদিন আগে রিয়ালে সুখী নন বলে তোলপাড় ফেলে দিয়েছিলেন। বেতন নিয়ে মন-কষাকষির কারণেই রোনালদোর এই অভিমান, সে রকম গুঞ্জন ভাসছিল বাতাসে। নিজের ফর্মের ওপরও কি পড়েছিল খানিকটা প্রভাব? সেটা যদি হয়েও থাকে, সব উদ্বেগ ঝেঁটিয়ে বিদায় করলেন। হ্যাটট্রিকের পর তাই গাইলেন দলীয় সংহতির জয়গান, ‘গোল করা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু দল আরও বেশি গুরুত্বপূর্ণ। কারণ সতীর্থদের ছাড়া আমি গোল করতে পারতাম না।’রোনালদোর এই হ্যাটট্রিক সঙ্গে সঙ্গেই উসকে দিয়েছে পুরোনো বিতর্ক, মেসি সেরা না রোনালদো? কেউ মেসিকে এগিয়ে রাখেন, কেউ রোনালদোকে। স্পেনের কোচ ভিসেন্তে দেল বস্ক নেই কোনো পক্ষেই। তিনি দুজনকেই দিচ্ছেন সমান নম্বর, ‘আমি সিদ্ধান্ত নিতে পারছি না (মেসি ও রোনালদোর মধ্যে), দুজনই খুব ভালো। আমরা সৌভাগ্যবান, ওদের পেয়েছি।’ তবে দেল বস্কের মতো কূটনৈতিক পথে হাঁটেননি রিয়ালের সাবেক স্পোর্টিং ডিরেক্টর প্রেদ্রাগ মিয়াতোভিচ। সোজাসাপ্টা বলে দিয়েছেন, রোনালদোই এগিয়ে, ‘আমার কাছে ক্রিস্টিয়ানো মেসির চেয়ে ভালো। সে বেশি পরিপূর্ণ খেলোয়াড়। সে দ্রুততর, বেশি বিধ্বংসী, দুই পায়ে সমান দক্ষ, বাতাসেও ভালো।’ মিয়াতোভিচ এটাও বলেছেন, দুজনের খেলার ধরন দুই রকম, তাই সরাসরি তুলনা করাটা বেশ কঠিন। একসময় রোনালদোকে অনেকেই বলতেন উদ্ধত, তবে ডাচ পত্রিকা অ্যালগেমিন ডাগব্লাড-এর কাছে উল্টো মতই প্রকাশ করেছেন ডাচ স্ট্রাইকার রুড ফন নিস্টলরয়। সাবেক ইউনাইটেড ও রিয়াল সতীর্থের প্রশংসাই করেছেন, ‘আমি ওকে কখনোই গর্বোদ্ধত বলব না। সে সব সময়ই পরামর্শকে স্বাগত জানাত, ড্রেসিংরুমেও ছিল দারুণ একজন মানুষ।’ তবে আপাতত মাঠের বাইরের এসব বিতর্কে ‘সিআর সেভেনের’ একেবারেই আগ্রহ নেই। কালকের মহারণেরই প্রস্তুতি নিচ্ছেন তিনি! এএফপি, ওয়েবসাইট।