
সব প্রস্তুতি নেওয়াই ছিল ওটমার হিটজফেল্ডের। বিশ্বকাপ অভিযান শেষ হলেই বিদায় নেবেন। কিন্তু জেরদান শাকিরি সেটাকে মুলতবি রাখতে বাধ্য করলেন। পরশু হন্ডুরাসের সঙ্গে দুর্দান্ত এক হ্যাটট্রিক করে শাকিরি সুইজারল্যান্ডকে নিয়ে গেছেন শেষ ষোলোতে। সামনে এখন আর্জেন্টিনার চ্যালেঞ্জ, হিটজফেল্ডের অবসর নিয়ে ভাবার সময় কই!
এমনিতে শাকিরি খেলেন উইংয়ে। বায়ার্ন মিউনিখের হয়ে সেখানেই তিনি বেশি স্বচ্ছন্দ। বিশ্বকাপে প্রথম ম্যাচে আলো ছড়িয়েছেন সেখানে খেলেই। ইকুয়েডরের সঙ্গে ম্যান অব দ্য ম্যাচও হয়েছিলেন। এরপর ফ্রান্সের সঙ্গে একটু বিবর্ণ থাকলেও নিজেকে আবার চিনিয়েছেন পরশু। হন্ডুরাসের ম্যাচে শাকিরি উইং থেকে সরে এসে খেলেছেন অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে। সেটিতেই যেন আরও বেশি ক্ষুরধার। হিটজফেল্ড তাই ছাত্রের প্রশংসায় উচ্ছ্বসিত, ‘পজিশনটা ওর জন্য নতুন। মাঝমাঠে ওকে বেশি দৌড়াতে হয়। ওর মনোযোগেরও ভালো একটা পরীক্ষা এটা। কিন্তু আমরা ৩ গোলের জন্য ওকে শুধু অভিনন্দনই জানাতে পারব। তার সম্ভাবনা নিয়ে এখন কারও সংশয় থাকার কথা নয়।’
ম্যাচের ৬ মিনিটেই বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক শটে শুরু শাকিরি ‘শো’য়ের। পরের দুটি গোল এসেছে দ্রমিচ-শাকিরির যুগলবন্দী থেকে। মিডফিল্ডার হয়ে হ্যাটট্রিক, তাও আবার বিশ্বকাপে! শাকিরির উচ্ছ্বাসে ভেসে যাওয়াটাই স্বাভাবিক। তবে ২২ বছর বয়সী মিডফিল্ডার কিন্তু পা রাখছেন মাটিতেই। হ্যাটট্রিকের কৃতিত্ব দিচ্ছেন সতীর্থদের, ‘আমি অবশ্যই খুব খুশি। হ্যাটট্রিক তো আর প্রতিদিন হয় না। এটা আমি কখনো ভুলব না। তবে সতীর্থদের সাহায্য না পেলে আমি ৩টি গোল করতে পারতাম না। দল যা করেছে, তাতে আমি দারুণ খুশি। আমরা কেমন খেলি, সেটা দেখাতে চেয়েছিলাম। সেটাই আমরা করেছি। হ্যাটট্রিক নিয়ে আমি গর্বিত, কিন্তু পুরো দল নিয়েও আমি গর্ব করি। কারণ, সবাই আজ দুর্দান্ত খেলেছে।’
সুইজারল্যান্ডের জন্য সামনের ম্যাচটা এখন বিশাল এক অগ্নিপরীক্ষা—দ্বিতীয় রাউন্ডে যে প্রতিপক্ষ আর্জেন্টিনা! হন্ডুরাসকে উড়িয়ে দেওয়ার পর শাকিরি দারুণ আত্মবিশ্বাসী, ‘এটা অসাধারণ একটা ম্যাচ হতে যাচ্ছে। আমরা সবাই জানি আমরা ফেবারিট নই। তবে আমাদের পক্ষে যেকোনো কিছুই করা সম্ভব।’ ‘কিছু একটা’ করার ইচ্ছা হিটজফেল্ডের কথায়ও, ‘দ্বিতীয় রাউন্ডে ওঠাটা দারুণ একটা প্রেরণা। এখানে খেলাটা সহজ ছিল না। অনেক ইউরোপিয়ান দলও ব্যর্থ হয়ে ফিরে গেছে। এই ম্যাচে (আর্জেন্টিনা) আমাদের কিছুই হারানোর নেই। বরং পাওয়ার আছে অনেক কিছু।’ রয়টার্স, ইয়াহুস্পোর্টস, মেইলঅনলাইন।