আপনদের তিরে আহত গিবসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আরেকটি টেস্ট, আরেকটি পরাজয়। আবারও সমালোচনায় ক্ষত-বিক্ষত ওয়েস্ট ইন্ডিজ দল। যথারীতি সমালোচনার তির বেশি ছুটে আসছে ওটিস গিবসনের দিকে। এমন তির অবশ্য গত আড়াই বছরে অনেক সহ্য করতে হয়েছে ওয়েস্ট ইন্ডিজ কোচকে। তবে ‘আপন’ লোকদের তির যেন একটু বেশিই বিঁধছে গিবসনের মনে। আকুতি করেছেন এই তরুণ দলটার ওপর ধৈর্য ও ভরসা রাখতে।ক্ষয়িষ্ণু ওয়েস্ট ইন্ডিজ দলের দায়িত্ব নেওয়ার সময় গিবসন নিশ্চয়ই জানতেন পথটা বন্ধুর। তবে বন্ধুর পথটা কণ্টকাকীর্ণ করতে তাঁর নিজের ভূমিকাও কম নেই। গেইল-সারওয়ান-চন্দরপলদের মতো সিনিয়রদের সঙ্গে নানা ঝামেলা, মানব-ব্যবস্থাপনায় দুর্বলতা নিয়ে খবরে উঠে আসেন প্রায় নিয়মিতই। ট্রেন্টব্রিজ টেস্টের আগে মাইকেল হোল্ডিং তুলাধোনা করে ছেড়েছেন গিবসনকে। টেস্ট দলে অধিনায়ক স্যামির জায়গা নিয়েও প্রশ্ন তুলেছিলেন ধারাভাষ্যকার ও সাবেক এই ফাস্ট বোলার। ট্রেন্টব্রিজে হারের পর ব্যাটসম্যানদের একহাত নিয়েছেন আরেক গ্রেট ভিভ রিচার্ডস।কিন্তু গিবসন যেন সমালোচনার কারণটাই বুঝতে পারছেন না, ‘এটা (সমালোচনা) ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের অংশ হয়ে গেছে। ক্ষয়িষ্ণু পারফরম্যান্সের কারণে বছরের পর বছর দলে ওয়েস্ট ইন্ডিজের সমালোচনা হয়ে আসছে। ইংল্যান্ডে আমরা বিশ্বের এক নম্বর দলের বিপক্ষে খেলছি। এখানে এসে ওদের হারানোর আশা করাটা কঠিন। লর্ডসে আমরা ওদের চ্যালেঞ্জ জানিয়েছি। এখানেও (ট্রেন্টব্রিজে) কিছু সময় আমরা ওদের চাপে রাখতে পেরেছি, যদিও ম্যাচ জয়ের যথেষ্ট সুযোগ তৈরি করতে পারিনি।’সর্বশেষ ৩৩ টেস্টে মাত্র দুটি জিততে পেরেছে ওয়েস্ট ইন্ডিজ। ট্রেন্টব্রিজে হারল ইতিহাসে প্রথমবার। ১৯০৬ সালের পর ট্রেন্টব্রিজে প্রথম শ্রেণীর ম্যাচই হারল প্রথমবার। তবে এতে কোচ হিসেবে নিজের খুব একটা দায় দেখছেন না গিবসন, ‘আড়াই বছর আগে দায়িত্ব নেওয়ার সময়ই জানতাম, কাজটা সহজ হবে না। জানতাম, যেখানে ছিলাম আমরা, সেখানে এগোতে হবে ছোট ছোট পদক্ষেপে। ১৫-২০ বছর ধরে পতনের দিকে, এমন কিছুকে আড়াই বছরে পাল্টে দেওয়ার আশা করা কঠিন।’ হোল্ডিং-রিচার্ডসদের তির যে ভালোই যন্ত্রণা দিয়েছে, পরোক্ষে স্বীকার করলেন সেটিও, ‘এটা (সমালোচনা) মোটেও ভালো কিছু নয়, বিশেষ করে, যখন নিজের লোকদের কাছ থেকে আসে।’গিবসনের ধারণা, ট্রেন্টব্রিজের সেঞ্চুরি সমালোচকদের জন্য অধিনায়ক স্যামির জবাব, ‘ও কঠোর পরিশ্রম করে, সৎ একজন ক্রিকেটার। পরিশ্রমের ফল দেখাটা তৃপ্তিদায়ক। আমাদের নিজেদের লোকদের কাছ থেকে ওকে যে পরিমাণ সমালোচনা হজম করতে হয়েছে, এ কারণেই হয়তো সেঞ্চুরিটা আরও বিশেষ কিছু।’ এএফপি।