আপনাকেও ডাকছেন সাকিব

ছোটবেলা থেকেই ক্রিকেটপাগল। মাগুরা শহরের এ-মাঠ ও-মাঠে দাপিয়ে খেলেছেন ক্রিকেট। কিন্তু ইসতিয়াক মাহমুদ তন্ময়ের পক্ষে সেটা আর কখনোই সম্ভব নয়। দুরারোগ্য ক্যানসার যে কেড়ে নিয়ে গেছে তাঁর একটা পা-ই!
জানা কথা, শুধু পা কেড়ে নিয়েই সন্তুষ্ট থাকবে না প্রাণঘাতী ক্যানসার। হামলে পড়বে তন্ময়ের জীবনের ওপরও। মাগুরা জেলা ক্রিকেট দলের নিয়মিত খেলোয়াড় এই তরুণের হয়ে তাই ক্যানসারের বিরুদ্ধে লড়তে নামলেন এবার সাকিব আল হাসান। সাকিবের বাড়িও মাগুরায়। নিজের শহরের তন্ময়ের মতো তরুণ ক্রিকেটারের জন্য তাঁর হূদয়ে রক্তক্ষরণ হবেই। সমাজের বিত্তবান ব্যক্তিদের কাছে তাই জাতীয় দলের এই ক্রিকেটারের আহ্বান, ‘তন্ময় বাঁচতে চায়। আসুন, আমরা ওকে বাঁচিয়ে রাখি। ওর অবস্থা এখন খুবই খারাপ বলে জানি। তার পক্ষে আর কোনো দিন খেলা সম্ভব না হলেও ছেলেটার জীবন তো বাঁচানো যায়। সবাই মিলে যদি চেষ্টা করি, ক্যানসারের বিরুদ্ধে ঠিকই জিতে যাবে তন্ময়।’
টাকার অঙ্ক না বললেও তন্ময়ের জন্য নিজেও সাহায্যের হাত বাড়িয়ে দেবেন বলে জানিয়েছেন সাকিব, ‘আমি নিজেও ওকে সাহায্য করতে চাই। কত টাকা দেব, সেটা বলছি না। তবে আমি ওর জন্য কিছু করব।’ সাকিবের আশা, পত্রপত্রিকায় তন্ময়ের কথা পড়ে তাঁর মতো অনেকেই নিশ্চয়ই এগিয়ে আসবেন এই ক্রিকেটারকে সাহায্য করতে। তন্ময়ের বাবা আবদুল ওহাব অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা। মা নাসরিন সুলতানা স্কুলশিক্ষিকা। দুই ভাই এক বোনের মধ্যে তন্ময় মেজো। স্নাতক পড়ছেন ঢাকা কলেজের সমাজবিজ্ঞান বিভাগে।
২০১১ সালে ক্যানসার ধরা পড়ার পর চিকিৎসার জন্য ভারতের মুম্বাইতে নিয়ে যাওয়া হয় তন্ময়কে। এর পর অস্ত্রোপচারের মাধ্যমে হাঁটু থেকে কেটে ফেলা হয় তাঁর একটা পা। তার পরও আশার কথা, ভারতের চিকিৎসকেরা বলেছেন, সুষ্ঠু চিকিৎসা পেলে বেঁচেও যেতে পারেন তন্ময়। বাবা আবদুল ওহাব সেই আশাতেই বুক বেঁধে আছেন। কিন্তু সন্তানের চিকিৎসার খরচ বহন করতে করতে তিনিও এখন প্রায় সর্বস্বান্ত।
এখন পর্যন্ত প্রায় ৪০ লাখ টাকার মতো খরচ হয়েছে চিকিৎসায়। জমিজমা বিক্রি করেছেন, খরচ করে ফেলেছেন পেনশনের পুরো টাকাও। আরও ২০ লাখ টাকার মতো হলে তন্ময়কে বাঁচিয়ে রাখার আশা কিছুটা হলেও বাড়ে। ভারতীয় চিকিৎসকদের পরামর্শে ঢাকার স্কয়ার হাসপাতালে কেমোথেরাপি চলছে ধারকর্জ করে। প্রতিটি কেমোথেরাপিতে খরচ এক লাখ টাকা। গত মাসে প্রথম কেমো দেওয়ার পর চলতি মাসের শেষ দিকে দেওয়ার কথা আরেকটি কেমো।
তন্ময়ের জন্য সাকিব এগিয়ে এসেছেন। এগিয়ে এসেছেন আরও অনেকেই। আপনিও যদি কিছু করতে চান, তাহলে সাহায্য পাঠাতে পারেন ইসলামী ব্যাংকের মাগুরা শাখার ৯৯২৪ মুদারাবা সঞ্চয়ী হিসাব নম্বরে। কিংবা ফোন করতে পারেন তন্ময়ের বাবাকেও (০১৭৩৬১৬৭৩৩৪)।