আপনার স্বাস্থ্য-বয়স কত?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আপনার বয়স ৫০ হলেও স্বাস্থ্য-বয়স (ফিটনেস এজ) ৩০ হতে পারে, আবার কারও স্বাস্থ্য-বয়স হয়তো ৬০ হবে। নরওয়েজিয়ান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক সম্প্রতি (অক্টোবর, ২০১৩) স্বাস্থ্য-বয়স বের করার একটি সহজ হিসাব আবিষ্কার করেছেন। তাদের উদ্ভাবিত ক্যালকুলেটরে ২০ থেকে ৯০ বছর বয়সের পাঁচ হাজার জনের উচ্চতা, বডি-মাস ইনডেক্স, বিশ্রামরত অবস্থায় হার্ট রেট, এইচডিএল ও মোট কোলেস্টেরলসহ বিভিন্ন তথ্য সংগ্রহ করে ওই গবেষক দল বিশেষ অ্যালগরিদমের সাহায্যে স্বাস্থ্য-বয়স বের করেন। ট্রেডমিল মেশিনে তাঁদের হাঁটতে বলা হয়। খুব পরিশ্রান্ত হয়ে পড়ার মুহূর্তে তাঁর সর্বোচ্চ অক্সিজেনপ্রাপ্তি, অর্থাৎ তাঁর শরীর কত ভালোভাবে দেহকোষে অক্সিজেন সরবরাহ করছে, সেটা দেখা হয়। একে বলা হয় ভিওটু ম্যাক্স (VO2 max)।  এটা থেকেই বোঝা যায় একজনের স্বাস্থ্য-বয়স কত। ট্রেডমিল ব্যবহার না করেও ভিওটু ম্যাক্স-এর মান বের করা যায়। এ জন্য পাঁচটি তথ্যই যথেষ্ট। যেমন, আপনার বয়স ৫০, সপ্তাহে কয়েকবার হালকা ব্যায়াম করেন, কোমর ৩৬ ইঞ্চি, হার্ট রেট ৭৫ (এর জন্য আপনি ১০ মিনিট চুপচাপ বসে থেকে ৩০ সেকেন্ড পালস রেট গুণে এর দ্বিগুণ করুন)। অনলাইন ক্যালকুলেটরে এসব তথ্য দিন। পুরুষ হলে আপনার স্বাস্থ্য-বয়স ৫৯। কিন্তু ঘাবড়াবেন না। নিয়মিত নিবিড় ব্যায়াম করলে আপনার স্বাস্থ্য-বয়স কমানো যাবে।