আপনি যখন বিচারক
গ্রামীণফোন-প্রথম আলো ক্রীড়া পুরস্কার অনুষ্ঠান মানেই ক্রীড়াঙ্গনের এক মিলনমেলা। বছর ঘুরে সেই মিলনমেলার সময় এসে গেল আবার। বছরের শুরুতেই এই আয়োজনের পরিকল্পনা অবশ্য সফল হতে পারছে না দেশে একের পর এক ক্রিকেট আসরের ব্যস্ততার কারণে। ক্রীড়া পুরস্কার অনুষ্ঠান তাই পিছিয়ে গেছে এপ্রিল-মে পর্যন্ত।
বরাবরের মতোই সাবেক কৃতী খেলোয়াড় এবং বিশিষ্ট ক্রীড়াব্যক্তিত্বদের নিয়ে গঠিত বিচারকমণ্ডলী নির্ধারণ করবেন ২০১৩ সালের বর্ষসেরা ক্রীড়াবিদদের। সেটি তাঁরা যখন করেন করবেন। আপাতত বিচারকের আসনে বসে যান আপনি। জানিয়ে দিন, আপনার চোখে ২০১৩ সালে বাংলাদেশের বর্ষসেরা তিন ক্রীড়াবিদের নাম। পাঠকের ভোটে বর্ষসেরা ক্রীড়াবিদ নির্বাচনের কাজটা এখনই সেরে রাখার একটা কারণ আছে। সময় স্মৃতির ওপর ধুলা ফেলে। সাম্প্রতিক পারফরম্যান্স ভুলিয়ে দেয় পুরোনো কীর্তি। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ দিয়ে শুরু ২০১৪ সালের একের পর এক ক্রিকেট আসরে বুঁদ হয়ে যাওয়ার আগেই তাই একটু পেছনে ফিরে তাকান। শুধু মনে রাখবেন, এখানে বিবেচনাটা শুধুই ২০১৩ সালের পারফরম্যান্স। খেলোয়াড়ের নামধাম নয়। তাহলে শুরু করে দিন এখনই।