আপনিও থাকুন সাকিবদের সঙ্গে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বাঘের গর্জন শুনুক বিশ্ব’ কিংবা ‘শাবাশ বাংলাদেশ!’কী বলে অনুপ্রেরণা জোগাতে চান আপনি প্রিয় ক্রিকেট দলকে? আর যদি চান, আপনার লেখা সেই প্রেরণামন্ত্র শোভা পাবে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে, তাও আবার খেলোয়াড়দের ড্রেসিংরুমে, এটাই মোক্ষম সময়। সমর্থকদের স্লোগানে খেলোয়াড়দের উজ্জীবিত করার দারুণ এক উদ্যোগ নিয়েছে আইসিসি। টুর্নামেন্টে যে ১২টি দল অংশ নিচ্ছে, তার মধ্যে আপনার প্রিয় দলকে উদ্দেশ করে শুভেচ্ছাবার্তা পাঠাতে পারবেন আপনি। সেরা বার্তাগুলো সুন্দর করে সাজিয়ে রাখা হবে সংশ্লিষ্ট দলগুলোর ড্রেসিংরুমে।‘ফ্যান মেসেজ’ পাঠাতে পারবেন দুভাবে। নাম, কোত্থেকে লিখছেন এবং কোন দলকে সমর্থন করছেন, এসব লিখে বার্তা পাঠাতে পারেন [email protected] এই ই-মেইল ঠিকানায়। কিংবা সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকে টি-টোয়েন্টি বিশ্বকাপের যে অফিসিয়াল ফ্যান গ্রুপ খোলা হয়েছে, মন্তব্য পাঠাতে পারেন সেখানেও। ফেসবুক গ্রুপটির ঠিকানা: www.facebook.com/ iccworldtwenty202010। আগামী শুক্রবার, অর্থাৎ ১৬ এপ্রিলের মধ্যে আপনার মন্তব্যটি পাঠাতে হবে। এর পরই এখান থেকে বেছে নেওয়া হবে সেরা বার্তাগুলো। আইসিসি আসলে ৩০ এপ্রিল থেকে ওয়েস্ট ইন্ডিজে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের এই তৃতীয় আসরটাকে সব অর্থেই উৎসবমুখর করে তুলতে চাইছে। এরই মধ্যে কমিয়ে ফেলা হয়েছে টিকিটের দামও।গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচ দেখতে খরচ হবে মাত্র তিন মার্কিন ডলার। যেদিন পর পর দুটো ম্যাচ থাকছে একই ভেন্যুতে, সেই দুটো ম্যাচই দেখতে চাইলে দিতে হবে পাঁচ ডলার। সুপার এইটের প্রতিটি ম্যাচের টিকিটের দাম আট ডলার। সেমিফাইনালের টিকিটের দাম থাকছে ১০ থেকে ২০ ডলারের মধ্যে। ১৬ মে বারবাডোজের পুরুষ ও মহিলা বিভাগের ফাইনালের টিকিটের দাম ২০ ডলার। সবচেয়ে দামি টিকিটটিরও দাম রাখা হয়েছে ৪০ ডলার।২০০৭ ওয়ানডে বিশ্বকাপের সময় টিকিটের উচ্চমূল্যের কারণে অনেক ম্যাচেই গ্যালারি ভরেনি। এবার মাঠে দর্শকদের টেনে আনার জন্য সব রকম চেষ্টাই আইসিসি করছে। ১৬ বছরের কম বয়সীরা তো গ্রুপ পর্বের সব ম্যাচ ফ্রি-ই দেখতে পারবে।