আপাতত এগিয়ে শেখ জামাল
বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ইংল্যান্ডে যাওয়া এক ক্রিকেটারের ফোন কাল বিকেলে এক সাংবাদিককে। ওই ক্রিকেটারের সঙ্গে ছিলেন আরও তিন-চারজন। সবার জিজ্ঞাসা, কার ভাগ্যে কোন ক্লাব জুটল। রূপসী বাংলা হোটেলের মার্বেল রুমে যখন চলছে অভিনব দল বাছাই, বিশ্বের নানা প্রান্তে তখন এমনই কৌতূহলী আর উদ্বিগ্ন বাংলাদেশের ক্রিকেটাররা। ‘এ’ দল ছিল ইংল্যান্ডে, ওয়েস্ট ইন্ডিজ থেকে দেশের পথে সাকিব ও তামিম। পরিচিত সাংবাদিকদের কাছে ফোন করে খবর নিচ্ছিলেন দেশে থাকা অনেক ক্রিকেটারও। নিজের ক্লাবটা জানার পর সবার একই প্রশ্ন, সঙ্গে আর কে কে আছে?
দলবদলে লটারি পদ্ধতির সিদ্ধান্ত নেওয়ার পরই একটি ব্যাপার ঠিক হয়ে যায়, দলগুলোর শক্তিতে আকাশ-পাতাল তফাত থাকবে না এবার। হয়েছেও তা-ই। কাগজেকলমে শক্তির বিচারে দু-একটি দল একটু এগিয়ে আছে ঠিকই, তবে সেই ব্যবধান এমন বড় নয়। টাকার খেলা নয়, দলবদল এবার ছিল মূলত ভাগ্যের খেলা। সঙ্গে কিছুটা ক্রিকেট প্রজ্ঞা ও প্রত্যুৎপন্নমতিত্ব।
ভাগ্য শেখ জামাল ধানমন্ডি ক্লাবের দিকেই তাকিয়েছে বেশি। দলের লটারিতে প্রথম তিন রাউন্ডেই এক, তিন ও দুই নম্বরে ডাকতে পেরেছে ক্লাবটি। এই তিন রাউন্ডেই পেয়েছে পছন্দের তিন ক্রিকেটার মুশফিকুর রহিম, আবদুর রাজ্জাক ও জহুরুল ইসলামকে। টপ অর্ডারে জহুরুলের সঙ্গে জুনায়েদ সিদ্দিক, মিডল অর্ডারে মুশফিকের সঙ্গে অভিজ্ঞ তুষার ইমরান। পেস বোলিংয়ের নেতা শফিউল, সঙ্গে বাশার-রুবাইয়াত। স্পিন আক্রমণ তো দুর্দান্ত, আবদুর রাজ্জাকের সঙ্গে ইলিয়াস সানি ও অলরাউন্ডার তানভীর হায়দারদের নিয়ে সবচেয়ে ব্যালান্সড দল শেখ জামালই।
একটি ক্লাব স্থানীয় ক্রিকেটার নিবন্ধন করাতে পারবে সর্বোচ্চ ২০ জন। বিদেশি সর্বোচ্চ ১০ জন, একাদশে খেলতে পারবেন তিনজন। শক্তির তারতম্যে তাই শেষ পর্যন্ত বড় পার্থক্য গড়ে দেবে বিদেশি ক্রিকেটারদের নাম ও মান। দলবদলে শেখ জামালের শ্রেষ্ঠত্ব হাতছাড়ার শঙ্কা অবশ্য তাতে কমই আছে। বরং একজন ভালো মিডল অর্ডার ব্যাটসম্যান ও একজন ভালো পেসার আনলেই দলটি দুর্দান্ত হয়ে ওঠার কথা।
শক্তির বিচারে আপাতত সবচেয়ে এগিয়ে শেখ জামাল, তবে এরপর নিশ্চিত এগিয়ে রাখা যাচ্ছে না কোনো একটিকে। খুব কাছাকাছিই থাকবে কলাবাগান ক্রীড়াচক্র। সাকিব আল হাসানকে দলে টেনে দলবদলের শুরুতেই নজর কাড়া ক্লাবটি কিন্তু একদম সাকিব-নির্ভর দল গড়েনি। নাঈম, মিঠুন, ফরহাদ, মাহবুবুল, নাদিফ, নাসিরুদ্দিন ফারুকদের নিয়ে দলের ব্যাটিং বেশ শক্তিশালী। বিদেশি সংগ্রহে ক্লাবটি হয়তো খুঁজবে সাকিবের পাশে আরেকজন ভালো মানের স্পিনার।
মালিকানা বদলে কিছুটা চাপে থাকার গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত বেশ ভালো একটা দলই গড়তে পেরেছে বর্তমান চ্যাম্পিয়ন ভিক্টোরিয়া। প্রথম সুযোগেই দলে টেনেছে দেশের ক্রিকেটে হালের অন্যতম বড় নির্ভরতা নাসির হোসেনকে। টপ অর্ডারে এনামুল হকের (বিজয়) সঙ্গে সৌম্য সরকার। মাইশুকুর-নাসিরদের সঙ্গে মিডল অর্ডারে অভিজ্ঞ একজন বিদেশি প্রয়োজন দলটির। মনির-শাকেরদের নিয়ে গড়া স্পিন আক্রমণে অভাব অভিজ্ঞতার। জাতীয় দলের সহ-অধিনায়ক মাহমুদউল্লাহ-ইমরুল-রকিবুলদের গাজী ট্যাংক আর তামিম-অলক-মেহরাবদের ব্রাদার্স ইউনিয়নও থাকবে ভিক্টোরিয়া-কলাবাগানের কাতারেই। মোটেও ভালো দল গড়তে পারেনি ঘরোয়া ক্রিকেটের দুই ঐতিহ্যবাহী নাম আবাহনী ও মোহামেডান। অক্টোবরে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের জাতীয় দল ঘোষণার পর অবশ্য শক্তির হিসাব-নিকাশটা নতুন করে হবে। আর বিদেশি ক্রিকেটারও তো নিয়ামক হিসেবে দেখা দেবেই। সব মিলিয়ে নতুন করে শক্তির বিশ্লেষণ করতে হবে তখন।
একটা মজার ব্যাপারও হয়েছে কালকের লটারিতে—ভাই ইফতেখার নাঈমের সঙ্গে আবাহনীতে আছেন শাহরিয়ার নাফীস, তামিম-নাফিস দুই ভাই আবার ব্রাদার্সে।