সানি ফিরেছেন, তাসকিন ফিরবেন পরশু

আরাফাত সানির বিশ্বকাপ শেষ হয়ে গেছে আগেই। বোলিং নিষেধাজ্ঞার জবাবে রিভিউ আবেদন করে তাসকিন আহমদের সম্ভাবনা ক্ষীণ হলেও টিকে ছিল আজ সকাল পর্যন্ত। কিন্তু আইসিসি নিষেধাজ্ঞা বহাল থাকার সিদ্ধান্ত জানিয়ে দেওয়ার পর এখন টি-টোয়েন্টি বিশ্বকাপটা আনুষ্ঠানিকভাবে শেষ হয়ে গেল এই পেসারের জন্যও।আজ বুধবার ভোর ৪টায় বেঙ্গালুরু থেকে রওনা দিয়ে আরাফাত সানি ঢাকায় পৌঁছেছেন দুপুরে, নির্ধারিত সময়ের তিন ঘণ্টা পর। তাসকিন আহমেদ বেঙ্গালুরুতে দলের সঙ্গেই আছেন। সেখান থেকে কাল দুপুর ২টা ৪৫ মিনিটে দলের ফ্লাইটে যাবেন কলকাতা। ঢাকায় ফিরবেন পরশু সকাল সাড়ে ৯টায়।
বেঙ্গালুরু থেকে মুঠোফোনে বিসিবির ক্রিকেট পরিচালনা প্রধান আকরাম খান জানিয়েছে, দেশে ফেরার পর শুরু হবে তাসকিনের পুনর্বাসন প্রক্রিয়া। তবে সেটার সূচি এখনো ঠিক হয়নি। আকরাম আশাবাদী, ‘তাসকিনের বেশি সময় লাগবে না। খুব দ্রুতই দেখবেন পরীক্ষা দিয়ে ও আবার বোলিংয়ে ফিরছে।’
কাল রাতে তাসকিনের সঙ্গে বেশ কিছু সময় কেটেছে আকরামের। তরুণ এই পেসারকে নৈশভোজ করাতে হোটেলের কাছের এক রেস্টুরেন্টে নিয়ে গিয়েছিলেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। উদ্দেশ্য, দুঃসময়ে তাসকিনকে সাহস জোগানো। তবে তাসকিনের সঙ্গে সময় কাটিয়ে আকরামের মোটেও মনে হয়নি যে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন, ‘মানসিকভাবে ওকে বেশ শক্তই মনে হলো। ওর আত্মবিশ্বাস আছে, অল্প সময়ের মধ্যেই সমস্যা কাটিয়ে উঠতে পারবে।’
তবে তাসকিনের বোলিং অ্যাকশন নিয়ে যেটা ঘটে গেল, আকরামের নাকি সেটা এখনো বিশ্বাস হচ্ছে না। তার বোলিং অ্যাকশন অবৈধ ঘোষণা এবং বিসিবির রিভিউর আবেদনেও সিদ্ধান্ত না বদলানোটা বিস্ময়কর ঠেকছে ক্রিকেট পরিচালনা প্রধানের কাছে, ‘আমি হতভম্ব। টুর্নামেন্ট চলাকালে দুজন বোলারকে এভাবে হারানো দলের জন্য বিরাট ধাক্কা। বিশেষ করে তাসকিনের রিপোর্টের সঙ্গে আমি পুরোপুরি একমত নই। ওর বাউন্সার নিয়ে প্রশ্ন তোলা হয়েছে, অথচ হল্যান্ড ম্যাচে সে কোনো বাউন্সারই দেয়নি!’
বিশ্বকাপের বাকি ম্যাচগুলোতে তরুণ এই পেসারকে খুব মিস করবেন আকরাম, ‘মুস্তাফিজের সঙ্গে তাসকিন থাকলে আমাদের বোলিং আক্রমণটা অনেক ভালো হয়ে যেত। ভালো কিছুর জন্য বাকি ম্যাচগুলোতে ওকে খুব দরকার ছিল।’