আপাতত হিমাগারে ঘরোয়া হকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অক্টোবের এশিয়া কাপের আগেই প্রিমিয়ার হকি লিগ মাঠে নামাতে চেয়েছিল হকি ফেডারেশন। কিন্তু তা হচ্ছে না। ক্লাবগুলোর সঙ্গে কাল ফেডারেশন কর্মকর্তারা আলোচনায় বসলেও ফল শূন্য।
মোহামেডান, ওয়ারী, বাংলাদেশ স্পোর্টিং, ওয়ান্ডারার্স ও ভিক্টোরিয়া ক্লাব সভায় আসেনি। বাকি ছয় ক্লাবের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় ঠিক হয়েছে, অক্টোবরে এশিয়া কাপের পর আগামী মৌসুমের দলবদল। ক্লাবকাপ ও প্রিমিয়ার লিগ দিয়ে শুরু হবে ঘরোয়া হকি। এবার বিদেশি কোটা পাঁচ থেকে চারজন করার চিন্তা আছে ফেডারেশনের। তবে এ নিয়ে আলোচনায় কোনো সিদ্ধান্ত হয়নি। সিদ্ধান্তহীনতা ও দীর্ঘসূত্রতায় ঘরোয়া হকি থেকে আরেকটি বছর প্রায় হারিয়ে যেতে বসেছে। জাতীয় দলের বাইরের খেলোয়াড়দের জন্য যা বড় এক হতাশার।
ওদিকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আবারও শাস্তির খড়্গ নেমে আসতে পারে রাসেল মাহমুদ জিমির ওপর। জাতীয় হকি দলের স্ট্রাইকারের বিরুদ্ধে ফেডারেশনের অভিযোগ, তিনি নাকি সম্প্রতি গণমাধ্যমে ফেডারেশন কর্মকর্তাদের বিরুদ্ধে বিষোদ্গার করেছেন। এ জন্য তাঁকে কারণ দর্শানো নোটিশ দিয়েছিল ফেডারেশন।
কাল সব অভিযোগ অবশ্য জিমি অস্বীকার করেছেন এ-সংক্রান্ত কমিটির সামনে। জাতীয় দলের সমন্বয়কারী মাহবুব এহসান রানা, নির্বাচক কমিটির সদস্য রফিকুল ইসলাম কামাল, মামুনুর রশীদ ও কামরুল ইসলাম কিসমতের সামনে আত্মপক্ষ সমর্থন করেন জিমি। আত্মপক্ষ সমর্থন করেও একটি চিঠি দিয়েছেন ফেডারেশনে। তিন দিন পর ওয়ার্কিং কমিটির সভায় জিমির বিরুদ্ধে আনা অভিযোগ খতিয়ে দেখা হবে। ওই সভায় জিমিকে শাস্তি দেওয়ার সম্ভাবনাই বেশি বলে ধারণা করা হচ্ছে।
হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক আবদুস সাদেক বলেছেন, ‘জিমি খুব ভালো খেলোয়াড়, সন্দেহ নেই। কিন্তু এমন আচরণ করা ওর উচিত নয়। কদিন আগে মেসিও রেফারির সঙ্গে দুর্ব্যবহার করে শাস্তি পেয়েছেন। জিমিকেও হয়তো শাস্তি পেতে হতে পারে।’