আপিল করবে আইসিসি, বিসিবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ২৬ ফেব্রুয়ারি দেওয়া হয়েছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) স্পট ফিক্সিংয়ের বিচারের সংক্ষিপ্ত রায়। এরপর গত ৮ জুন দেওয়া হয় পূর্ণাঙ্গ রায়। দুর্নীতিবিরোধী ট্রাইব্যুনালের এই রায়ের বিরুদ্ধে আপিল করবে বিসিবি ও আইসিসি।

আইসিসি এক বিবৃতিতে জানিয়েছে, দুর্নীতিবিরোধী ট্রাইব্যুনালের রায়ে হতাশ আইসিসি ও বিসিবি। উদ্বেগের বিষয়গুলোয় কোনো সমাধান আসেনি এ রায়ে। আইসিসি আরও মনে করে, বেশ কয়েকজনের বিরুদ্ধে দুর্নীতির পরিষ্কার ও অকাট্য প্রমাণ পাওয়া গেলেও তা বিবেচনায় আনা হয়নি।

আইসিসির বিবৃতি অনুযায়ী, বিসিবির দুর্নীতিবিরোধী নীতিমালা অনুযায়ী দুই ধাপে আপিল করা যাবে। প্রথমটি বিসিবির ডিসিপ্লিনারি প্যানেলের চেয়ারম্যানের কাছে আর দ্বিতীয়টি সুইজারল্যান্ডে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে যাবে।

অভিযুক্তদের মধ্যে মোহাম্মদ আশরাফুল বিপিএল স্পট ফিক্সিংয়ে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। শ্রীলঙ্কার কৌশল লোকুয়ারাচ্চি ও নিউজিল্যান্ডের লু ভিনসেন্টও স্বীকার করেছেন, বিপিএলে ফিক্সিং হচ্ছে জেনেও তাঁরা ব্যাপারটি আকসুকে জানাননি। এ ছাড়া ট্রাইব্যুনালের বিচারে ঢাকা গ্ল্যাডিয়েটরসের ব্যবস্থাপনা পরিচালক শিহাব চৌধুরীও দোষী প্রমাণিত হয়েছেন।