আপিল করবে বার্সেলোনা
ওসাসুনার বিপক্ষে ম্যাচের ৭০ মিনিটে লালকার্ড দেখেছিলেন বার্সেলোনার কোচ টিটো ভিলানোভা। উত্তেজিত হয়ে রেফারির একটি সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করাতেই বার্সা কোচের এই শাস্তি। লালকার্ড পেয়ে ওসাসুনার বিপক্ষে ম্যাচের শেষ ২০ মিনিট আর ডাগআউটে থাকতে পারেননি তিনি। তবে ভিলানোভার এই শাস্তির বিপক্ষে আপিল করবে তাঁর ক্লাব বার্সেলোনা। ভিলানোভা অবশ্য ওই ম্যাচে তাঁর অপরাধ অস্বীকারই করেছেন। তিনি জানিয়েছেন, ‘আমি শুধু একটি ফাউলের ব্যাপারে রেফারির দৃষ্টি আকর্ষণ করেছিলাম।’ তবে রেফারি তাঁর প্রতিবেদনে জানিয়েছেন, বারকয়েক সতর্ক করার পরও ভিলানোভা ডাগআউটের বাইরে দাঁড়িয়ে ক্রমাগত তাঁর সিদ্ধান্তের বিরুদ্ধে আপত্তি জানিয়ে যাচ্ছিলেন।বার্সেলোনা রোববার লা লিগার দ্বিতীয় ম্যাচে ওসাসুনাকে ২-১ গোলে হারায়। ম্যাচের শুরুতে পিছিয়ে পড়েও লিওনেল মেসির দুরন্ত দুই গোলে শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ে কাতালানরা। ইএসপিএন।