আপিল করবেন আশরাফুল
ক্রিকেট পরিচালনা বিভাগে পাশাপাশি কক্ষেই ছিলেন দুজন, নিজ নিজ প্রয়োজনে। একসঙ্গে বের হতে গিয়ে দেখা। হাই-হ্যালো, হাত মেলানো, খোঁজখবর নেওয়ার পালা চলল। মোহাম্মদ আশরাফুলকে চন্ডিকা হাথুরুসিংহে বললেন, ‘নিজের ভুলটা তুমি উপলব্ধি করেছ, সত্য স্বীকার করেছ। খুব ভালো করেছ। আশা করি, একদিন আবার ক্রিকেটে ফিরতে পারবে।’
আশরাফুল আবার মাঠে ফিরতে পারবেন কি না, সেই উত্তর সময়ের হাতে তোলা। তবে ক্রিকেটবিহীন জীবনে নিজেকে ফিট রাখার উপায় খুঁজছেন বিপিএলে স্পট ফিক্সিংয়ে জড়িত থাকার অপরাধে আট বছরের জন্য বহিষ্কৃত জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। তাঁকে দেখে হাথুরুসিংহে বললেন, ‘ওজন বেশ বেড়ে গেছে তোমার।’ আশরাফুল হেসে বললেন, ‘ট্রেনারের কাছ থেকে একটা সূচি নিতে হবে।’ আশরাফুলের কাল বোর্ডে যাওয়ার নাকি এটিই অন্যতম কারণ। নিজেকে ফিট রাখার জন্য বিসিবির ট্রেনারের কাছ থেকে একটি অনুশীলনসূচি চান তিনি। পাশাপাশি নিষেধাজ্ঞার বিরুদ্ধে আইনি লড়াইও চালিয়ে যাবেন আশরাফুল। কাল বিসিবি কার্যালয়ে দাঁড়িয়েই বললেন, ‘এই সপ্তাহের ভেতরই আপিল করব।’