আপিল করবেন কানেরিয়া
কাউন্টিতে ম্যাচ পাতানোর অভিযোগে গতকাল শুক্রবার দোষী সাব্যস্ত হয়েছেন। আজীবন নিষিদ্ধ হয়েছেন ইংল্যান্ড ক্রিকেটে। তবে নিজেকে নির্দোষ দাবি করে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) আরোপ করা শাস্তির বিরুদ্ধে আপিল করার ঘোষণা দিয়েছেন পাকিস্তানি লেগ-স্পিনার দানিশ কানেরিয়া।কানেরিয়াকে ‘ক্রিকেটের জন্য হুমকি’ আখ্যায়িত করে এক বিবৃতিতে ইসিবি বলেছে, ‘ক্রিকেটের জন্য কানেরিয়াকে বড় হুমকি হিসেবে মনে করছি আমরা। ক্রিকেটকে দুর্নীতি থেকে দূরে রাখতে প্রয়োজনীয় সব পদক্ষেপই নেব আমরা।’ইসিবির সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন কানেরিয়া। স্কাই স্পোর্টস টেলিভিশনকে পাকিস্তানি এই স্পিনার বলেন, ‘এ সিদ্ধান্তে আমি খুবই মর্মাহত। ওরা ঠিক কী কারণে আমাকে অভিযুক্ত করল, আমি জানি না। এটা খুব, খুব বেশি অনৈতিক সিদ্ধান্ত। আমার বিরুদ্ধে কোনো প্রমাণ ওদের কাছে নেই।’ইসিবির দেওয়া নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করার ঘোষণা দিয়ে কানেরিয়া বলেন, ‘অবশ্যই আপিল করব আমি। লোকে আমাকে বিশ্বাস করে। আমি একজন সত্ মানুষ। ক্রিকেটের প্রতি প্রবল অনুরাগ নিয়ে খেলে যাচ্ছি। খেলাটাকে ভালোবাসি। আমি কোনো ভুল করিনি।’২০০৯ সালে এসেক্সের হয়ে খেলার সময় স্পট ফিক্সিংয়ের থাকার কথা স্বীকার করায় গত ফেব্রুয়ারিতে কানেরিয়ার সাবেক সতীর্থ মেলভিন ওয়েস্টফিল্ডকে চার মাসের কারাদণ্ড দেয় যুক্তরাজ্যের একটি আদালত। শুনানির সময় ওয়েস্টফিল্ড দাবি করেন, পাকিস্তানি স্পিনার কানেরিয়ার প্ররোচনাতেই স্পট ফিক্সিংয়ে জড়ান তিনি।কানেরিয়ার বিরুদ্ধে অভিযোগ অবশ্য শুরু থেকেই ছিল। অভিযোগের পরিপ্রেক্ষিতে এর আগে ইসিবি ও আইসিসি তদন্ত চালায়। ২০১০ সালে পুলিশ কানেরিয়াকে জিজ্ঞাসাবাদও করেছিল। তখনকার তদন্ত বা জিজ্ঞাসাবাদে তাঁর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি। তবে আদালতে ওয়েস্টফিল্ডের দেওয়া বক্তব্যের ওপর ভিত্তি করে কানেরিয়াকে অভিযুক্ত করে ইসিবি। ডিসিপ্লিনারি কমিটি সেই অভিযোগের সত্যতা পেয়ে আজীবন নিষিদ্ধ করেছে কানেরিয়াকে।পাকিস্তান ক্রিকেটে অবশ্য অনেক আগে থেকেই অলিখিতভাবে ‘নিষিদ্ধ’ হয়ে আছেন কানেরিয়া। তাঁর সততা নিয়ে সন্দেহ রয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) গঠিত ‘নৈতিকতা’ কমিটির। যতক্ষণ পর্যন্ত এই সন্দেহ দূর না হবে, ততক্ষণ পর্যন্ত এই লেগ-স্পিনারকে জাতীয় দলে নেওয়া হবে না বলে জানিয়ে দিয়েছে পিসিবি। বাট-আমির-আসিফদের স্পট কেলেঙ্কারির পর এই ‘নৈতিকতা’ কমিটি গঠন করা হয়।