আপিল করবেন না আমির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেল থেকে ছাড়া পাওয়ার পরও মাস খানেক থেকে গিয়েছিলেন ইংল্যান্ডে। কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টসে আপিল করা নিয়ে আলোচনা করেছেন আইনজীবীদের সঙ্গে। সেই আলোচনার ফলাফল জানা গেল কাল, আইসিসির নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করবেন না মোহাম্মদ আমির! অর্থাৎ ২০১৫ সালের সেপ্টেম্বরের আগে আমিরকে ক্রিকেটে দেখা যাওয়ার আর সম্ভাবনা নেই।লন্ডন থেকে আমির দেশে ফিরেছিলেন আইনজীবী সাজিদা মালিককে সঙ্গে নিয়ে। তাঁর আরেক আইনজীবী, আসিফ বাজওয়া বলেছিলেন, আইসিসির পাঁচ বছরের নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করার প্রক্রিয়া চলছে। কিন্তু আইসিসির এক মুখপাত্র কাল বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, ‘আইনজীবীর মাধ্যমে আমির আমাদের জানিয়ে দিয়েছেন, নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করার কোনো ইচ্ছা তার নেই।’ ধারণা করা হচ্ছে, লন্ডনে তাঁর আইনজীবীরা এই পরামর্শই দিয়েছেন আমিরকে। সাউথওয়ার্ক ক্রাউন কোর্টে বিচারের সময় দোষ স্বীকার করে নিয়েছিলেন আমির। আপিল করেও তাই লাভ হবে না, আইন বিশেষজ্ঞদের বিশ্বাস এমনটাই।নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এখনো কিছু জানাননি আমির। তবে আমিরকে নিয়ে পরিকল্পনা আছে পিসিবির। বোর্ডের প্রধান পরিচালন কর্মকর্তা সুবহান আহমেদ ইতিমধ্যেই জানিয়েছেন, স্পট ফিক্সিংয়ের মূলে প্রবেশ করতে আমিরের সঙ্গে আলোচনা করা হবে। পিসিবি প্রধান জাকা আশরাফ বলেছেন, নিষেধাজ্ঞা শেষ হলেই ফেরানো হবে আমিরকে। আমিরের জন্য কিছু শিক্ষাবিষয়ক কর্মসূচিও নেওয়া হবে। ওয়েবসাইট।