আপিল করার শেষ দিন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিপিএল ফিক্সিংয়ে ৯ অভিযুক্ত ব্যক্তির অভিযোগের বিরুদ্ধে আপিল করার জন্য ১৪ দিন সময় বেঁধে দিয়েছিল আইসিসির দুর্নীতি দমন ও নিরাপত্তা বিভাগ। সে সময় শেষ হচ্ছে আজ। তবে জানা গেছে, কাল পর্যন্তও অভিযোগের বিরুদ্ধে আপিল করেননি বাংলাদেশের কোনো অভিযুক্ত।তবে অভিযুক্ত ক্রিকেটার মোশাররফ হোসেন ও মাহবুবুল আলম আজ তাঁদের আইনজীবীর মাধ্যমে আকসু বরাবর আপিল করবেন। আপিলের কপি দেওয়ার কথা বিসিবিকেও। মোশাররফ নিজেই প্রথম আলোকে নিশ্চিত করেছেন ব্যাপারটি। মোহাম্মদ আশরাফুল আর মোহাম্মদ রফিকও শেষ দিনে আপিল করবেন কি না, জানা যায়নি। একটি সূত্রে জানা গেছে, আগেই দোষ স্বীকার করে নেওয়ায় আশরাফুলের অভিযোগের বিরুদ্ধে আপিল করার কিছু নেই। শাস্তি হওয়ার পর তিনি আপিল করবেন শাস্তি কমানোর জন্য। কাল যোগাযোগের চেষ্টা করা হলে আশরাফুল-রফিক দুজনের মুঠোফোনই বন্ধ পাওয়া গেছে।ওদিকে ঢাকা গ্ল্যাডিয়েটরসের মালিক সেলিম চৌধুরী নাকি কার কাছে আপিল করবেন, সেটিই বুঝতে পারছেন না! টেলিফোনে বলেছেন, ‘আপিল করব কোথায়? ট্রাইব্যুনালে কারা আছে কিছুই তো বিসিবি জানায়নি এখনো। আর আইনগতভাবে আকসুর কাছেও আমরা আপিল করতে পারি না।’ পরে অবশ্য নিজেই বললেন, আজ আইনজীবীর মাধ্যমে আকসুকে ই-মেইলে অভিযোগের জবাব দেওয়া হবে। ঢাকা গ্ল্যাডিয়েটরস তাদের ভারতীয় প্রধান নির্বাহী গৌরব রাওয়াতকেও আইনি সহায়তা দেবে বলে জানিয়েছেন ফ্র্যাঞ্চাইজি মালিক।অভিযুক্তদের আপিল নিষ্পত্তির জন্য ১০ সদস্যের ডিসিপ্লিনারি প্যানেলে কারা আছেন, সেটি এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। বিসিবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী কাল টেলিফোনে বলেছেন, ‘আইসিসির দুর্নীতি দমন নীতি অনুযায়ী প্যানেল চেয়ারম্যানই প্যানেল করবেন। সেটি গঠনের প্রক্রিয়াও দুর্নীতি দমন নীতিতে দেওয়া আছে।’