আপিল করেছে বিসিবি ও আকসু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাউন্টি ক্রিকেটে ফিক্সিংয়ের অভিযোগে ইসিবি আজীবনের জন্যই বহিষ্কার করেছে লু ভিনসেন্টকে। নিউজিল্যান্ডের এই ক্রিকেটার হয়তো সে কারণেই আর আপিল করেননি বিসিবির শৃঙ্খলা প্যানেলের কাছে। আজীবনের জন্যই যেখানে বহিষ্কৃত, সেখানে তিন বছরের শাস্তি কমালেই বা লাভ কী!
দ্বিতীয় বিপিএলে ফিক্সিংয়ের রায়ের বিরুদ্ধে আপিল করার শেষ দিন ছিল গতকাল। বিসিবির শৃঙ্খলা প্যানেলের প্রধান সাবেক বিচারপতি আবদুর রশিদ জানিয়েছেন, এক লু ভিনসেন্ট ছাড়া আপিল করেছেন শাস্তিপ্রাপ্ত বাকি তিনজনই। এ ছাড়া ট্রাইব্যুনালের রায়ে সন্তুষ্ট হতে না পেরে আপিল করেছে বিসিবি ও আকসুও। ‘আজ (গতকাল) বিকেল চারটা ৪০ মিনিট পর্যন্ত কৌশল লোকুয়ারাচ্চি, শিহাব চৌধুরী, বিসিবি ও আকসু এবং মোহাম্মদ আশরাফুলের কাছ থেকে আমরা আপিলের ই-মেইল পেয়েছি’—কাল রাতে মুঠোফোনে বলেছেন শৃঙ্খলা প্যানেলের প্রধান।
ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন বিসিবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরীও। শুধু যাঁরা ‘খালাস’ পেয়ে গেছেন তাঁদের রায়ের বিরুদ্ধেই নয়, শাস্তিপ্রাপ্ত অনেকের শাস্তিও যথেষ্ট হয়নি মনে করে সেগুলোর ব্যাপারেও আপিল করেছে বিসিবি ও আকসু।
বিসিবির আশা, ঈদের পর যত দ্রুত সম্ভব আপিল নিষ্পত্তির প্রক্রিয়া শুরু হবে। একই আভাস দিয়েছেন শৃঙ্খলা প্যানেলের প্রধান আবদুর রশিদও, ‘আমরা প্রথমে একটা প্রাথমিক শুনানি করে তারপর চূড়ান্ত শুনানিতে যাব। আশা করছি ৫ থেকে ৭ আগস্টের মধ্যে প্রাথমিক শুনানি শেষ করতে পারব।’