আপিল করেননি আশরাফুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিপিএল ফিক্সিংয়ে অভিযুক্তদের আপিল করার শেষ দিন ছিল কাল। কিন্তু বিসিবির কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী অভিযুক্ত নয়জনের মধ্যে মাত্র চারজনই নিয়েছেন সে সুযোগ। মোহাম্মদ আশরাফুল ও মোহাম্মদ রফিক আপিল করেননি নিশ্চিত। অভিযুক্ত দুই বিদেশি ক্রিকেটার কৌশল্য লোকুয়ারাচ্চি ও ড্যারেন স্টিভেনস এবং ঢাকা গ্ল্যাডিয়েটরসের প্রধান নির্বাহী গৌরব রাওয়াতের কাছ থেকেও কোনো চিঠি পায়নি বিসিবি।বিসিবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী অবশ্য বলেছেন, ‘দুর্নীতি দমন নীতি অনুযায়ী অভিযুক্তরা ডিসিপ্লিনারি কমিটির প্রধানের কাছে আপিল করবেন। তবে কেউ চাইলে আইসিসি বা আকসুর মাধ্যমেও আপিল করতে পারেন। বিদেশিদের কেউ সেভাবে আপিল করেছেন কি না, আমরা এখনো জানি না।’ কাল দুপুরে বিসিবিতে উপস্থিত হয়ে অভিযুক্ত দুই ক্রিকেটার মোশাররফ হোসেন ও মাহবুবুল আলমের পক্ষে আপিল করেছেন তাঁদের আইনজীবী নুরুস সাদেক। এ ছাড়া ঢাকা গ্ল্যাডিয়েটরসের মালিক সেলিম চৌধুরীও পাঠিয়েছেন খামে ভরা দুটো চিঠি। ধারণা করা হচ্ছে, এর একটি সেলিম চৌধুরীর আপিল, অন্যটি তাঁর ছেলে ফ্র্যাঞ্চাইজির আরেক কর্মকর্তা শিহাব চৌধুরীর। মালিকপক্ষের দুজন এবং কাল আপিল করা দুই ক্রিকেটারও আপিলের কাগজ দিয়েছেন ডিসিপ্লিনারি প্যানেলের প্রধান বরাবর। বিসিবি সভাপতিকেও একটি করে কপি দিয়েছেন তাঁরা।বিসিবি সভাপতির একান্ত সচিব তৌহিদ মাহমুদের কাছে চিঠি দিয়ে বোর্ড ছাড়ার সময় মোশাররফ-মাহবুবুলের আইনজীবী নুরুস সাদেক গণমাধ্যমের কাছে তাঁর মক্কেলেরা নির্দোষ বলে দাবি করেছেন, ‘যেসব অভিযোগ তাঁদের বিরুদ্ধে আনা হয়েছে সেসব ভিত্তিহীন। অভিযোগের ধরন নির্দিষ্ট নয়। সন্দেহের ওপর নির্ভর করে এসব করা হয়েছে।’ আইসিসি বা আকসুর বিপিএল ফিক্সিংয়ের অভিযোগ তদন্ত করার এখতিয়ার আছে কি না, সে প্রশ্নও তুলেছেন তিনি, ‘আকসু বা আইসিসির এটা তদন্তের অথরিটি আছে কি না, সেটাও প্রমাণের বিষয়। বিসিবির দুর্নীতি দমন নীতি অনুযায়ী আকসুর সে অথরিটি নেই। আইনই তা বলছে।’মামলার প্রক্রিয়া শুরু হয়ে গেছে বলে এসব নিয়ে বিস্তারিত কথা বলতে রাজি হননি দুই ক্রিকেটারের আইনজীবী। তবে জানিয়েছেন, মোশাররফ-মাহবুবুলকে নির্দোষ দাবি করার পাশাপাশি তাঁদের বিরুদ্ধে দেওয়া সাময়িক নিষেধাজ্ঞা তুলে নেওয়ারও আবেদন করবেন তাঁরা। ‘অন্যান্য দেশে অভিযোগ থাকলেও খেলার সুযোগ দেওয়া হচ্ছে। কিন্তু বাংলাদেশে দেওয়া হচ্ছে না। এতে কোনো ষড়যন্ত্র আছে কি না, সেটাও দেখতে হবে’—বলেছেন নুরুস সাদেক।কেন আপিল করেননি, সেটা জানতে আশরাফুল আর রফিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও মুঠোফোন বন্ধ পাওয়া গেছে দুজনেরই। তবে একটি সূত্র জানিয়েছে, অভিযোগ আগেই স্বীকার করে নেওয়ায় আশরাফুল আপিল করবেন না। শাস্তি ঘোষণার পর হয়তো শাস্তি কমানোর জন্য আপিল করবেন।