আপিলেও হারলেন বাট-আমির, দণ্ড বহাল
আপিল খারিজ করে যুক্তরাজ্যের কারাগারে আটক সালমান বাট ও ফাস্ট বোলার মোহাম্মদ আমিরের দণ্ডাদেশ বহাল রেখেছেন লন্ডনের আপিল আদালত।ক্রিকইনফো জানায়, আজ বুধবার দণ্ডাদেশের বিরুদ্ধে আদালতে আপিল করেন বাট ও আমিরের আইনজীবী। তবে শুনানির সময় দুই ক্রিকেটারের কেউই উপস্থিত ছিলেন না।আবেদনে বাটের আইনজীবী দাবি করেন, বাটের কারাদণ্ডের পরিমাণটা বেশি হয়ে গেছে। লঘু অপরাধে গুরুদণ্ড দেওয়া হয়েছে তাঁকে। বাটের শাস্তি কমানো দরকার। অন্যদিকে শাস্তি কমানো নয়, পুরো শাস্তি থেকে আমিরকে মুক্তি দেওয়ার আবেদন জানান তাঁর আইনজীবী। তবে দুটি আবেদনই খারিজ করে দিয়ে বাট ও আমিরের আগের শাস্তি বহাল রেখেছেন আদালত।গত বছর অনুষ্ঠিত লর্ডস টেস্টে স্পট ফিক্সিংয়ের মাধ্যমে গোপনে অবৈধ অর্থ নেওয়া ও প্রতারণা করার অপরাধে চলতি মাসের শুরুতে পাকিস্তানি ক্রিকেটার সালমান বাটকে দুই বছর ছয় মাস, মোহাম্মদ আসিফকে এক বছর এবং মোহাম্মদ আমিরকে ছয় মাসের কারাদণ্ড দেন যুক্তরাজ্যের সাউথওয়ার্ক ক্রাউন কোর্ট।রায় ঘোষণার পর বাট ও আসিফকে কারাগারে এবং ১৯ বছর বয়সী আমিরকে কিশোর সংশোধন কেন্দ্রে পাঠিয়ে দেওয়া হয়। তবে বাট ও আসিফ পাকিস্তানের কারাগারে সাজা খাটতে আগ্রহী বলে কয়েক দিন আগে খবর বেরিয়েছিল।