আপ্লুত সিদ্দিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাত তিনটায় ব্যাংককগামী বিমানে উঠবেন। মাত্র আর কয়েক ঘণ্টা। হাতে সময় কম। যাওয়ার কথা ছিল কাল বেলা ১১টায়। শুধু এই অনুষ্ঠানের জন্যই থেকে গেছেন ঢাকায়। কিন্তু তখনো জানতেন না, তাঁর জন্য কী চমক অপেক্ষা করছে। পুরস্কার পেয়ে তো সিদ্দিকুর রহমান আনন্দে আত্মহারা। দ্রুত বাসায় ফিরে ব্যাগ গোছানোর তাড়া, কথা বলার ফুরসতই নেই। তার মধ্যেও জানালেন উচ্ছ্বসিত প্রতিক্রিয়া।গলাটা কাঁপছিল। পুরস্কার পাবেন এমন আশা নাকি তাঁর ছিলই না। নিজেই বললেন, তিন বছর আগে এই অনুষ্ঠানে এসেছিলেন পুরস্কার পাওয়ার আশা নিয়ে। কিন্তু না পেয়ে মন খারাপ করে বাসায় ফিরেছেন। এ কারণেই কাল অনুষ্ঠানে এসেছেন শুধু ‘এত বড় অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারার আনন্দ পেতেই’। পুরস্কার পেয়ে সেই আনন্দটা বেড়ে গেল অনেক গুণ। গ্রামীণফান-প্রথম আলো ২০১০ সালের বর্ষসেরা ও ২০১১ সালে বর্ষসেরা রানারআপ সেটিই বললেন প্রথমে, ‘আমি ভেবেছি সবার সঙ্গে দেখা হবে। পুরস্কার পেলে ভালো, নইলে আগামীতে পাওয়ার জন্য আরও চেষ্টা করতে হবে। সৃষ্টিকর্তার কাছে অনেক শুকরিয়া। একটি নয়, দু-দুটি পুরস্কার পেলাম।’ পরক্ষণেই যোগ করেন, ‘এটা শুধু আমার নয়। সব খেলোয়াড়ের জন্যই প্রেরণা। আশা করি সব খেলোয়াড়ই এতে উজ্জীবিত হবে।’ উঠে আসে তাঁর জীবনের গল্প। ছোটবেলায় কুর্মিটোলা গলফ ক্লাবে বল-বয় ছিলেন। কিছু হাত খরচ পেতেন। লেখাপড়ার খরচ চলত। দরিদ্র সংসারেও অবদান রাখতেন খুদে সিদ্দিক। সেই কুয়াশা কেটে ঝকঝকে রোদ উঁকি মারছে মাদারীপুরের ছেলের জীবনে। এখন এশিয়ান র‌্যাঙ্কিংয়ে অষ্টম, দক্ষিণ এশিয়ায় দ্বিতীয়। আজ ব্যাংকক, কাল সিঙ্গাপুর, পরশু কুয়ালালামপুর ছুটে বেড়াতে হয়। কিন্তু ভুলতে পারেন না সেই দিনগুলো, ‘ছোটবেলায় বল-বয় ছিলাম, টুকটাক টাকা পেলে লেখাপড়া এবং সংসারের কাজে খরচ করেছি।’ বাবা-মাকে পুরস্কার উৎসর্গ করে চোখে-মুখে ফুটিয়ে তোলেন পরিতৃপ্তি, ‘আজ আমি সত্যিই খুব খুশি।’ ২০১০ সালে ব্রুনাই ওপেন জয়ই সিদ্দিককে পাদপ্রদীপের আলোয় এনেছে। গ্রামীণফোন-প্রথম আলোর বর্ষসেরা পুরস্কারটা তারই স্বীকৃতি। সিদ্দিকুর রহমানের চোখ-মুখ গর্বে ভরে ওঠে, ‘আমার জীবনে এখন আর্থিক সচ্ছলতা এসেছে। কিন্ত আমি আগের মতোই কষ্ট করছি। খেলায় উন্নতি করতে সবই করে যাচ্ছি।’ভিড়ের মধ্যে রূপসী বাংলা হোটেল চত্বর ছেড়ে যান। সঙ্গে নিয়ে যান আগামীকাল শুরু থাইল্যান্ডের কুইন্স কাপে ভালো করার স্বপ্ন। এই টুর্নামেন্টে ২০১০ সালে তাঁর পারফরম্যান্স ভালোই ছিল। গতবার তুলনামূলক ততটা ভালো হয়নি। থাইল্যান্ড থেকে সিদ্দিক যাবেন দক্ষিণ কোরিয়ায়। এই পুরস্কার দুটি তাঁর সঙ্গে থাকবে প্রেরণা হিসেবে, ‘আমাকে আরও ভালো করতে হবে। দায়িত্ব বেড়ে গেল।’