আফগান ক্রিকেটারের বাবাকে অপহরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তান ক্রিকেট দলের অধিনায়ক মোহাম্মদ নবীর বাবাকে অপহরণ করেছে অস্ত্রধারী সন্ত্রাসীরা। গত মঙ্গলবার নিজের গাড়ি নিয়ে যাওয়ার পথে জালালাবাদ শহরের বাইরে থেকে তাঁকে অপহরণ করে নিয়েছে সন্ত্রাসীরা। কে বা কারা অপহরণ করেছে জানা যায়নি। এমনকি এখন পর্যন্ত মুক্তিপণও দাবি করা হয়নি। সিলেট রয়্যালসের হয়ে গত বিপিএল খেলে যাওয়া নবী নিজেই নিশ্চিত করেছেন, তাঁর বাবা খোবাই ইসাখেলকে অপহরণ করার কথা।

দেশের হয়ে ২৮টি ওয়ানডে খেলা এই অলরাউন্ডার বলেছেন, ‘কে অপহরণ করতে পারে, এ ব্যাপারে আমার কোনো ধারণাই নেই। তারা আমার সঙ্গে যোগাযোগও করেনি।’ দেশটির পূর্বাঞ্চলীয় নাঙ্গারহারের প্রাদেশিক সরকারের মুখপাত্রও অপহরণের খবরটি নিশ্চিত করে বলেছেন, অজ্ঞাত অস্ত্রধারী সন্ত্রাসী তাঁর গাড়ি থেকে তাঁকে তুলে নিয়ে গেছে। এখনো পর্যন্ত পুলিশ তাঁর কোনো হদিস পায়নি। এএফপি।