আফগান ফুটবলের রূপকথা
অন্ধকার নামলে কাবুলের রাস্তা জনশূন্য হয়ে যেত আতঙ্কে। সেই কাবুল পরশু রাতভরে ভাসল উৎসবের আলোয়।
বহুদিন একে-৪৭-এর গুলি আর বোমার শব্দ ছাড়া আর কিছু শোনেনি কাবুল-কান্দাহার-হেরাতের মানুষ। পরশু আফগানিস্তানের এই শহরগুলোই আতশবাজির ঝলকানি আর উচ্ছ্বাসে একাকার।
একটা ট্রফি এভাবে বদলে দিতে পারে পুরো দেশের চেহারা! সাফ ফুটবলের শিরোপা নয়, মনসুর ফকিরইয়ার আর জহিব ইসলাম আমিরিরা যেন নেপাল থেকে নিয়ে এসেছেন উৎসব আর শান্তির বার্তা। আর কী কাকতাল, দিনটাও ৯/১১! শান্তির বার্তা শোনানোর জন্য এর চেয়ে ভালো দিন আর কী হতে পারে?
রেফারির শেষ বাঁশি বাজার পর কাঠমান্ডুর দশরথ রঙ্গশালায় উচ্ছ্বাসে ভাসলেন আফগান ফুটবলাররা। কাবুলে তখন স্থানীয় সময় সন্ধ্যা ৭টা। মোটরসাইকেল, গাড়ি কিংবা হেঁটে রাস্তায় নেমে এলেন ফুটবল অনুরাগীরা। গায়ে দেশের পতাকা তাঁরা নাচলেন, গাইলেন, আতশবাজি পোড়ালেন আর গলা ফাটালেন ‘আফগানিস্তান জিন্দাবাদ’ বলে। সেই ভক্তদের একজন আহমেদ বশিরের কথায় বোঝা গেল আনন্দের মাত্রাটা, ‘এখন আমি জানি গর্বের অনুভূতিটা কী রকম। এটা আমার জীবনের সবচেয়ে সুখী দিনগুলোর একটি। আমি জানি না যদি কোনো দিন বিশ্বকাপ জিতে যাই তাহলে কী করব।’ আবদুস সালাম নামে অন্য এক আফগান সমর্থক এমন একটা দিন উপহার দেওয়ার জন্য কৃতজ্ঞতা জানালেন আফগান ফুটবল দলকে, ‘ওরা অনেক দিন থেকেই চেষ্টা করছিল। এই পর্যন্ত আসতে ওরা অনেক কষ্ট করেছে। চেয়েছে যুদ্ধ আর আক্রমণ ছাড়া আফগানিস্তানকে সবার কাছে অন্যকিছু দিয়ে চেনাতে।’
চেষ্টাটা আসলেও অনেক দিনের। সোভিয়েত আগ্রাসন, রক্তক্ষয়ী গৃহযুদ্ধ আর তালেবান শাসনামলের অন্ধকার সময়টুকুর কারণে ১৯৮৪ থেকে ২০০২ পর্যন্ত আন্তর্জাতিক ফুটবল খেলতে পারেনি আফগানিস্তান। বিশেষ করে তালেবান শাসনামলে খেলা দূরের কথা, মাঠ আর স্টেডিয়ামগুলোই হয়ে উঠেছিল বধ্যভূমি। যদিও ১৯৪৮ সালে ফিফা সদস্যপদ ও ১৯৫৪ সালে এএফসির সদস্যপদ পাওয়া আফগানিস্তানের ফুটবল-ঐতিহ্য পুরোনো। ২০০২ সালে আন্তর্জাতিক ফুটবলের তাদের প্রত্যাবর্তন হয় এশিয়ান গেমসে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে। দুই গোলে সেই ম্যাচ হারলেও এর পর থেকে ক্রমেই উন্নতি করেছে আফগানিস্তান। খেলেছে ২০০৬ বিশ্বকাপে এশিয়ান অঞ্চলের বাছাইপর্বেও। চোখে পড়ার মতো উন্নতিটা হয়েছে গত পাঁচ-ছয় বছরে। ২০১০ সালে ঢাকায় অনুষ্ঠিত দক্ষিণ এশীয় গেমস ফুটবলের ফাইনালে খেলে আফগানিস্তান। তবে ফাইনালে বাংলাদেশের কাছে ৪-০ গোলে হেরে দেশের ইতিহাসে প্রথম বড় শিরোপা হাতছাড়া করে তারা। একই ভাগ্য বরণ করতে হয় ২০১১ সাফ চ্যাম্পিয়নশিপেও। ফাইনালে ভারতের কাছে হেরে আক্ষেপে পোড়ে আফগানরা। অবশেষে সেই আক্ষেপ জুড়াল পরশু, সেই ভারতকেই ২-০ গোলে হারিয়ে।
দেশের ইতিহাসের প্রথম বড় শিরোপা এনে দেওয়া ম্যাচটা আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইও দেখেছেন নিজের অফিসে বসে। জয়ের পর অভিনন্দন-বার্তায় প্রেসিডেন্ট ফুটবলারদের বলেছেন, ‘আমাদের তরুণেরা প্রমাণ করেছে, আমাদেরও সামর্থ্য আছে উন্নতি করার আর জেতার।’ গতকাল দেশে ফেরা ফুটবল দলকে স্বাগত জানাতে কাবুল বিমানবন্দরে হাজির ছিলেন স্বয়ং প্রেসিডেন্টসহ হাজারো সমর্থক। শুধু তা-ই নয়, সাফ ফুটবলের শিরোপাজয়ী দলের প্রত্যেককে একটি করে ফ্ল্যাট দেওয়ারও ঘোষণা দিয়েছে আফগান সরকার।
এই টুর্নামেন্টের আগে ফিফা র্যাঙ্কিংয়ে ১৩৯তম দলের ফুটবলার, দৈনিক আয় যাঁদের মাত্র ৯ ডলারের মতো, তাঁদের জন্য এ পাওয়াটাও কম নয়।
এটা ফুটবলারদের প্রাপ্তি। আফগানিস্তানের জনগণের পাওয়াটা এর চেয়েও বেশি। অনেক দিন পর একটা উৎসবমুখর রাত কাটিয়েছে আফগান জাতি। বহুদিন পর আফগানিস্তান সংবাদপত্রে উৎসবের ছবি দেখল সকালে! ওয়েবসাইট।