আফগান-বাধা টপকানোর প্রত্যয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনুশীলনে সাকিব-নাসিরের মুখে হাসি। বাংলাদেশ চায় তাঁদের মুখের এই হাসিটা আজ থাকুক আফগানিস্তানের সঙ্গে ম্যাচ শেষেও । ছবি: প্রথম আলো
অনুশীলনে সাকিব-নাসিরের মুখে হাসি। বাংলাদেশ চায় তাঁদের মুখের এই হাসিটা আজ থাকুক আফগানিস্তানের সঙ্গে ম্যাচ শেষেও । ছবি: প্রথম আলো

আফগানিস্তানকে যুদ্ধবিধ্বস্ত দেশ হিসেবেই জানে সবাই। বাংলাদেশে দেশটার পূর্বপরিচয় কাবুলিওয়ালাদের দেশ। সেই আফগানিস্তান হঠাৎই জেগে উঠল বিশ্ব ক্রিকেটের মানচিত্রে। আর এই জেগে ওঠা তাদের অস্তিত্বের এমনই সরব ঘোষণা দিচ্ছে যে ঘরের মাঠের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলকে সুদূরপ্রসারী লক্ষ্য নির্ধারণের আগে ওপরে ওপরে হলেও বলতে হচ্ছে, ‘আগে তো আফগানিস্তান ম্যাচটা খেলি!’
বাংলাদেশের সেই আফগানিস্তান ম্যাচ আজ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বেলা সাড়ে তিনটায় এই ম্যাচ দিয়েই শুরু হবে ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ।
বাংলাদেশ দলের জন্য আফগানিস্তান এমনিতে সহজ প্রতিপক্ষই হওয়ার কথা। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে দুই দল এর আগে কখনো মুখোমুখি না হলেও অভিজ্ঞতার বিচারে বাংলাদেশ যোজন যোজন এগিয়ে। তার পরও সদ্য সমাপ্ত এশিয়া কাপ দিচ্ছে ভিন্ন বার্তা। এশিয়া কাপই দুই দলকে মুখোমুখি দাঁড় করায় প্রথম এবং ফতুল্লার সে ম্যাচে আফগানদের জয় বাংলাদেশ দলের মধ্যে কিছুটা হলেও ভয় ঢুকিয়ে দিয়েছিল। তবে প্রস্তুতি ম্যাচের দুই জয়ের পর এশিয়া কাপের আফগান-ব্যর্থতাকে কেবলই একটা দুর্ঘটনা মনে হচ্ছে।
টি-টোয়েন্টিতে ছোট-বড়র ব্যবধান কমে যায় বলে আজকের ম্যাচটা আফগানিস্তান জিতবে না, এমনটি নিশ্চিত করে বলতে দেয় না। বরং চরম অনিশ্চয়তার খেলায় বাংলাদেশ কোনোভাবে ম্যাচটা হেরে গেলে পরিণতি কী হতে পারে, সেটির আগাম ধারণা তো পাওয়া যায়ই। প্রথম পর্বের দুই গ্রুপ থেকে শুধু শীর্ষ দুটি দলই যাবে দ্বিতীয় পর্ব বা আসল বিশ্বকাপে। বাংলাদেশের আজ হারা মানে দ্বিতীয় পর্বে যাওয়ার সুযোগ প্রায় শেষই হয়ে যাওয়া। বলতে পারেন পরের দুই ম্যাচের প্রতিপক্ষ তো অপেক্ষাকৃত সহজ নেপাল ও হংকং। তা হলে আফগানিস্তানই বা তাদের কাছে হারবে কেন! সে ক্ষেত্রে ‘এ’ গ্রুপ থেকে আফগানরাই চলে যাবে বিশ্বকাপের চূড়ান্ত পর্বে। ঘরের মাঠের টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশ দলের কাছে পরিণত হবে হাহাকারে। বিশ্বকাপের এত আলোর মধ্যেও এসে পড়বে একটা অন্ধকার।
বাংলাদেশ দল অবশ্য এমন অমঙ্গল চিন্তা একদমই করছে না। তাদের কাছে আফগানিস্তান ম্যাচ দূরের যাত্রাপথে একটা ট্রানজিট মাত্র। এই ম্যাচ তো বটেই, পরের দুই ম্যাচেও জেতার কল্পনা দৃষ্টিটা গোপনে ছড়িয়ে দিচ্ছে আসল বিশ্বকাপের দিকে। তবে প্রকাশ্যে সে কল্পনার কথা না জানিয়ে আফগানিস্তানকে হালকাভাবে না নেওয়ার কথাই বলছে বাংলাদেশ। নতুন পরীক্ষা-নিরীক্ষায় না গিয়ে আজ তাই আয়ারল্যান্ডের বিপক্ষে জেতা প্রস্তুতি ম্যাচের দলটাকেই খেলানোর সম্ভাবনা বেশি। কাল দুপুরের সংবাদ সম্মেলনে অধিনায়ক মুশফিকুর রহিম অবশ্য বলে গিয়েছিলেন, ম্যাচের আগে উইকেট দেখে ঠিক হবে প্রথম একাদশ।
বাংলাদেশকে ওয়ানডেতে হারালেও আফগানরা নিজেদের টি-টোয়েন্টিতেই বেশি শক্তিশালী ভাবতে পছন্দ করে। কাল তো কথাটা আবারও মনে করিয়ে দেওয়ার সঙ্গে বাংলাদেশ দলকে একটু চাপেও ফেলে দিতে চাইলেন আফগান অধিনায়ক মোহাম্মদ নবী, ‘এই ম্যাচে সব চাপ থাকবে বাংলাদেশের ওপর। তারা নিজেদের মাঠে খেলবে, নিজেদের দর্শকদের সামনে খেলবে। সে জন্য তাদের ওপর প্রত্যাশার চাপ বেশি থাকবে।’
নবী যতই বলুন, এ ম্যাচের আগে সে রকম কোনো চাপ অনুভব করছেন না মুশফিক, ‘টি-টোয়েন্টি ক্রিকেটে সব দলেরই ফিফটি-ফিফটি সুযোগ থাকে। আমাদের চেয়ে হয়তো ওরা বেশি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে, কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে ওদের চেয়ে আমাদের অভিজ্ঞতা অনেক বেশি। আমার মনে হয় ব্যক্তিগত দক্ষতায়ও আমাদের দলটা আফগানিস্তানের চেয়ে অনেক এগিয়ে।’
কাগজে-কলমে মুশফিকের কথাই ঠিক। তবে মুখে বলার চেয়ে কথাটা বাস্তবে প্রমাণ করাই বেশি প্রয়োজন। মুশফিক নিজেও তা জানেন এবং জানেন বলেই বললেন, ‘এখন কথা বলার চেয়ে কাজ করার সময়...।’