আফগান-বিপর্যয়ে টালমাটাল ক্রিকেট
মাঠে ভারত-পাকিস্তান ম্যাচ। ক্রিকেটের সবচেয়ে চিত্তাকর্ষক লড়াইয়ের একটি। কিন্তু সেদিকে তাকানোর সময় কই বাংলাদেশের ক্রিকেটার আর ক্রিকেট কর্তাদের! ‘আফগান-যুদ্ধে’ হেরে নিজেদের ক্রিকেটই যে খাদের কিনারায়! পরশু রাতে ফতুল্লায় যেন মঞ্চস্থ হয়েছে এক বিয়োগান্ত নাটক, যেটির রেশ কালও আচ্ছন্ন করে রাখল পুরো দেশকে।
বাংলাদেশ দলের মধ্যে আর বিসিবিতে বয়ে গেল ঝড়ও। সোনারগাঁও হোটেল আর বিসিবি কার্যালয়ে সারা দিনে মিটিং হলো পাঁচটা। অবশ্য খেলোয়াড়দের সঙ্গে কোচ শেন জার্গেনসেনের মিটিংটা হলো কয়েক ভাগে। দুপুরে দলের বেশ কয়েকজন ক্রিকেটারের সঙ্গে হোটেলে আলাদা কথা বলেছেন কোচ। এর আগে পুরো দলের সঙ্গে আলোচনায় বসেছেন অধিনায়ক মুশফিকুর রহিমও। বিকেলে বিসিবি কার্যালয়ে প্রায় সাড়ে তিন ঘণ্টা ধরে চলেছে একটার পর একটা সভা। প্রথমে কোচের সঙ্গে বসেন বিসিবি সভাপতি নাজমুল হাসান, ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান ও মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস। পরে এই ত্রয়ী বসেছেন অধিনায়ক ও নির্বাচকদের সঙ্গেও।
আলোচ্য প্রায় একই—কী হয়েছে বাংলাদেশ দলের? কেন একটার পর একটা হার? কার কোথায় সমস্যা? এবং সব সভারই উপসংহার এক—দলের প্রতি নিবেদনে, অনুশীলনের একাগ্রতায় ও শৃঙ্খলায় যাদের ঘাটতি আছে, তাদের ছাড়াই ভবিষ্যতে বিবেচনা করতে হবে বাংলাদেশ দল। বোর্ড সভাপতি, কোচ, অধিনায়ক, নির্বাচক—সবাই নতুন এই নীতিটা মানেন। তাতে যদি দলে বড় পরিবর্তনও আনতে হয়, আনা হবে। সভা শেষে জালাল ইউনুস এমনও জানালেন, তাঁদের আলোচনায় দলের চার ক্রিকেটারের নাম আলাদা করেই উঠে এসেছে। নামগুলো তিনি না বললেও একটি সূত্রে জানা গেছে, আফগানিস্তান ম্যাচে নাসির হোসেন, নাঈম ইসলাম, শামসুর রহমান ও আবদুর রাজ্জাকের শরীরী ভাষা নিয়ে প্রশ্ন সবারই। ‘দলের ভেতর থেকেই তাদের ব্যাপারে কথা উঠেছে। তাদের দেখে মনে হয়েছে, তারা ম্যাচে নেই’—জানিয়েছে সভার একটি সূত্র। দায়িত্ব পালনে ব্যর্থতার সঙ্গে কারও কারও বিশৃঙ্খল ব্যক্তিজীবনও আলোচনায় এসেছে।
সূত্র জানিয়েছে, হোটেলে খেলোয়াড়দের সঙ্গে কোচের আলাপচারিতার উল্লেখযোগ্য বিষয় ছিল খেলার কৌশলগত দিক। ভিডিও ফুটেজে দেখানো হয়েছে কার সমস্যা কোথায়। তাঁদের কাছে জানতে চাওয়া হয়েছে সমস্যার ব্যাখ্যা। দলের পেসারদের জন্য যেমন গেমপ্ল্যান ছিল ৪০ ওভার থেকে যত বেশি সম্ভব ‘ওয়াইড ইয়র্কার’ বল করার। রুবেল হোসেন সেটা প্রথমবারের মতো করলেন ৪৯তম ওভারে! আগে কেন এই বলটা করলেন না, রুবেলের কাছে ব্যাখ্যা চেয়েছেন কোচ। একইভাবে অন্যদেরও দিতে হয়েছে ভুল-ত্রুটির ব্যাখ্যা। অধিনায়ক মুশফিক সতীর্থদের সঙ্গে বসে সাফ জানিয়ে দেন, দলের প্রতি নিবেদন আর দলীয় শৃঙ্খলা সবার আগে। কেউ সেটা না মানলে দলে তাঁর জায়গা হবে না। শৃঙ্খলা না মানলে দলে কেউই অপরিহার্য নন। অনেক ক্রিকেটারই সিরিজ চলাকালীন বিভিন্ন বিজ্ঞাপনের শুটিংয়ে সময় দেন। ভবিষ্যতে এ ব্যাপারেও কঠোর হবে বোর্ড।
টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা হয়ে গেলেও শ্রীলঙ্কা সিরিজ ও এশিয়া কাপের প্রথম দুই ম্যাচের দুর্বল পারফরম্যান্স সেটা নিয়ে নতুন করে ভাবাচ্ছে বোর্ডকে। রাজ্জাকের জায়গায় আরাফাত সানিকে কোনোভাবে দলে আনা যায় কি না, সে বিষয়ে নির্বাচকদের সঙ্গে আলোচনা করেছেন সভাপতি। দলে জিয়াউর রহমানের অন্তর্ভুক্তির পক্ষে তিনিসহ কয়েকজন বোর্ড কর্মকর্তা। এ ছাড়া বিশ্বকাপের আগে তামিম ইকবাল পুরোপুরি সুস্থ হতে পারেন কি না, আলোচনা হয়েছে সেটা নিয়েও। সিঙ্গাপুরে তামিমকে নাকি এক ডাক্তার বলেছেন, অস্ত্রোপচার ছাড়াই ঘাড়ের সমস্যা কাটিয়ে ওঠা সম্ভব। আরেকজন বলেছেন, সমস্যা পুরোপুরি দূর করতে হলে অস্ত্রোপচার লাগবে। এ নিয়ে দ্বিধাদ্বন্দ্বে আছে বোর্ড।
কোচ-অধিনায়কের মাধ্যমে বোর্ড সভাপতি মূলত শৃঙ্খলার বার্তাই পৌঁছে দিতে চেয়েছেন দলের কাছে। জানিয়েছেন, পারফর্ম না করাদের বোঝা যেন দল না টানে, সে যে-ই হোক। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই দলের পারফরম্যান্সে ইতিবাচক পরিবর্তন দেখতে চেয়েছেন সভাপতি। দলের যেকোনো সমস্যা সমাধানে যেকোনো সময়ে তাঁকে ফোন করার ‘লাইসেন্স’ দিয়ে দিয়েছেন কোচ ও অধিনায়ককে। আইসিসিতে ‘বিগ থ্রি’র দ্বিস্তরবিশিষ্ট টেস্ট ক্রিকেটের চিন্তা আপাতত চাপা পড়লেও বোর্ডের পক্ষ থেকে দলকে মনে করিয়ে দেওয়া হয়েছে, পারফরম্যান্সের গ্রাফ এ রকম নিম্নমুখী হতে থাকলে ভবিষ্যতে আবারও ফণা তুলতে পারে সেটা।
নির্বাচকদের সঙ্গে অধিনায়ক ও টিম ম্যানেজমেন্টের দূরত্ব নিয়েও কথা হয়েছে। তবে মুশফিক নাকি নাজমুল হাসানকে আশ্বস্ত করেছেন, সে সমস্যা এখন আর নেই। নির্বাচক কমিটির সঙ্গে তাঁদের ফলপ্রসূ আলোচনায় আগেই দূর হয়ে গেছে তা।
কী করলে ভালো হবে, সেটা বিসিবি সভাপতি থেকে শুরু করে নির্বাচক-টিম ম্যানেজমেন্ট যেমন জানে, জানেন খেলোয়াড়েরাও। কিন্তু জানা জিনিসটাই কেন যে তাঁরা মানছেন না, সেটাই প্রশ্ন।