আফগান-রূপকথার নতুন অধ্যায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

একসময় নাকি প্রতিটি আফগান পরিবারে থাকত একে-৪৭। এখন তার বদলে ওদের হাতে হাতে ক্রিকেট ব্যাট। প্রায় ত্রিশ বছরেরও বেশি সময় দেশটির সাধারণ মানুষ রাতে ঘুমাতে যেত পরের দিন বেঁচে থাকার প্রার্থনা করে। শঙ্কা পুরোপুরি কাটেনি এখনো। তবে বেঁচে থাকার প্রার্থনার সঙ্গে এখন কায়মনোবাক্যে ওদের চাওয়া—ঘুম থেকে উঠে আফগানিস্তান ক্রিকেট দলের নতুন সাফল্যের খবর শোনা। মোহাম্মদ নবী, করিম সাদিক, মোহাম্মদ শেহজাদ, মোহাম্মদ হামিদরা এভাবেই বদলে দিয়েছেন আফগানদের জীবনদর্শন। যুদ্ধবিধ্বস্ত দেশটির এসব ক্রিকেটার যে এখন দেশটির জাতীয় বীর।
গত বছর ওয়ার্ল্ড ক্রিকেট লিগে রানার্সআপ হয়ে যখন ২০১৫ বিশ্বকাপের টিকিট পেয়েছে আফগানিস্তান, কাবুল-কান্দাহারের রাস্তায় রাতভর আলোর রোশনাই আর উৎসব দেখে মনে হয়েছিল বুঝি যুদ্ধ জয় করে ফিরেছেন আফগান তরুণেরা। আফগানদের সেই ক্রিকেট-রূপকথা নিয়ে তৈরি প্রামাণ্যচিত্র আউট অব দ্য অ্যাশেজ দেখে নাকি আফগানিস্তানে তখনকার ব্রিটিশ রাষ্ট্রদূত বলেছিলেন, ওরা এমনভাবে ক্রিকেট খেলে যেন দেশের জন্য যুদ্ধ করছে! সেই আফগানিস্তান অনেকটা অপ্রত্যাশিতভাবেই সুযোগ পেয়ে গেছে এবারের এশিয়া কাপ খেলার। টুর্নামেন্ট শেষে কি আফগানদের রাতভর উৎসব করার মতো নতুন কোনো উপলক্ষ এনে দিতে পারবে মোহাম্মদ নবীর দল?
এশিয়া কাপে এই প্রথম হলেও বিশ্ব ক্রিকেটে আফগানিস্তানের পথচলা বেশ কিছুদিনের। শুরুটা হয়েছিল অভিবাসী পাকিস্তানিদের হাত ধরে। তালেবানদের অন্ধকার যুগের শাসন থেকে তখন সবে আফগানদের রেহাই মিলেছে। তবে কাবুল-কান্দাহারের মাটি তখনো রক্তাক্ত, মার্কিন দখলদার সেনাদের পদভারে ন্যুব্জ। যুদ্ধের দামামা যাতে আফগান তরুণদের ভবিষ্যৎ অনিশ্চিত না করে দেয় সে জন্যই খেলাধুলার প্রয়োজনীয়তা অনুভব করল দেশটির সরকার। ২০০১ সালে আইসিসির কাছে অনুমোদিত সদস্যপদের জন্য আবেদন করে পেয়ে যায় আফগানিস্তান। শুরু হয় আনুষ্ঠানিকভাবে আফগান ক্রিকেটের পথচলা। সে বছরই প্রথমবারের মতো পাকিস্তান সফর করে তিনটি সীমিত ওভারের ম্যাচ ও দীর্ঘ পরিসরের দুটি ম্যাচ খেলে তারা।
শুধু অভিজ্ঞতাকে সম্বল করে ফেরা সেই সফর থেকে শুরু করে আইসিসির কাছ থেকে ওয়ানডে স্ট্যাটাস পাওয়া পর্যন্ত আসতে আফগানিস্তানের সময় লেগেছে এক দশকের মতো। সেটা ২০০৯ সালের কথা। উপমহাদেশে অনুষ্ঠিত গত বিশ্বকাপের বাছাইপর্বে খেলে সেবার আফগানদের ফিরতে হয়েছিল ভগ্নহূদয়ে। তবে ওয়ানডে বিশ্বকাপ খেলা না হলেও ২০১০ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের শিরোপা জিতেই মূল আসরে খেলা নিশ্চিত করেন নবীরা। ভারত ও দক্ষিণ আফ্রিকার মতো বিশ্বসেরা দুটি দলের বিপক্ষে তাদের লড়াই মুগ্ধ করে ক্রিকেট-বিশ্বকে। ২০১২ সালে আফগানিস্তান দ্বিতীয়বারের মতো পা রাখে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে। এবার অবশ্য ভারত ও ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে খুব ভালো কিছু করতে পারেনি তারা।
সব মিলিয়ে ২২টি টি-টোয়েন্টি ম্যাচে আফগানদের জয়-হার সমান, ১১টি করে। তবে ওয়ানডে ক্রিকেট পাল্লাটা ঝুঁকে আছে সাফল্যের দিকে। ২৭টি ম্যাচে ১৬ জয়ের বিপরীতে হার ১১টিতে। যদিও এ জয়ের কোনোটিই কোনো টেস্ট খেলুড়ে দলের বিপক্ষে নয়। হওয়ার কথাও না, টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে এখন পর্যন্ত শুধু পাকিস্তান ও অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি ওয়ানডে ম্যাচ ছাড়া আর কারও বিপক্ষে খেলার সুযোগই পায়নি আফগানিস্তান। এশিয়া কাপ এবার সেই সুযোগ করে দিয়েছে তাদের।
আফগান ক্রিকেট-রূপকথায় আরও একটা অধ্যায় লিখতে কি তৈরি নবী, শেহজাদ আর হামিদরা?