আফগান শিবিরে গাভাস্কার-ডি সিলভা
ম্যাচ হারলেও আফগানরা জিতেছে হূদয়। আফগানিস্তানের টানা দুটো টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণটাই ক্রিকেট-বিশ্বে বড় খবর। তবে স্রেফ টুর্নামেন্টের শোভা বাড়িয়েই তৃপ্ত নয় তারা। মন কেড়েছে ভয়ডরহীন ক্রিকেট খেলে। ‘আফগান ব্র্যান্ড’ ক্রিকেটে মুগ্ধ সাবেক ক্রিকেটার, বিশেষজ্ঞরাও। এমনই মুগ্ধ দুই ‘দর্শক’ পরশু গেলেন আফগান শিবিরে। শুনিয়ে এলেন অনুপ্রেরণা আর উৎসাহের বাণী। আফগান ক্রিকেটাররাও উচ্ছ্বসিত ওই দুজনকে তাঁদের মাঝে পেয়ে। সেই দুজনের নাম যে সুনীল গাভাস্কার ও অরবিন্দ ডি সিলভা!উদ্যোগটা আফগানিস্তানের পাকিস্তানি কোচ কবির খানের। আফগান কোচের কাছ থেকে প্রস্তাব পেয়েই রাজি হয়ে যান গাভাস্কার ও ডি সিলভা। পরশু সন্ধ্যায় ভারত ও শ্রীলঙ্কার দুই গ্রেট কিছুটা সময় কাটালেন আফগান ‘বীর’দের সঙ্গে। জানালেন মুগ্ধতার কথা। শোনালেন উৎসাহের বাণী। দিকনির্দেশনা দিলেন সামনে এগিয়ে যাওয়ার।আফগান ক্রিকেটাররা উর্দু ভাষা ভালো করে জানেন। কাছাকাছি ভাষা বলে গাভাস্কার কথা বলেছেন হিন্দিতে। ডি সিলভা কথা বলেছেন ইংরেজিতে, পশতুতে তা শিষ্যদের বুঝিয়ে দিয়েছেন কবির খান। গাভাস্কার সংবাদমাধ্যমকে অবশ্য বিস্তারিত জানাননি আফগানদের সঙ্গে কী কী কথা হলো। স্রেফ বলেছেন, ‘ক্রিকেট সর্বজনীন একটা খেলা এবং সব দেশের ক্রিকেটারদের সঙ্গে যোগাযোগ হলে দারুণ লাগে।’তবে আফগানিস্তানের অন্যতম তারকা ও মারমুখী উইকেটকিপার-ব্যাটসম্যান মোহাম্মদ শাহজাদের কাছ থেকে জানা গেল কিছুটা, ‘গাভাস্কার ও ডি সিলভা আমাদের সঙ্গে কথা বলেছেন, এর চেয়ে ভালো কিছু হতে পারে না। গুরুত্বপূর্ণ একটা ম্যাচের আগে (গত রাতেই হয়ে যাওয়া ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ) আমাদের আত্মবিশ্বাস দারুণভাবে বাড়িয়ে দিয়েছেন তাঁরা। গাভাস্কার বলেছেন, আমাদের ফিল্ডিং আরও ভালো করতে হবে। আরও কিছু পরামর্শ দিয়েছেন তাঁরা। দুজনই অনেক প্রশংসা করেছেন আমাদের। আমাদের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। তাঁদের অনুপ্রেরণা আমাদের সামনে এগিয়ে যাওয়ার পথে পাথেয় হবে।’অধিনায়ক নওরোজ মঙ্গলসহ আফগানিস্তানের বেশির ভাগ ক্রিকেটার ক্রিকেট শিখেছেন উদ্বাস্তু শিবিরে। আইসিসি ক্রিকেট ডিভিশন পাঁচ থেকে দ্রুত উঠে এসে দলটি খেলছে টানা দ্বিতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ।’ এএফপি।