আফগানদের উড়িয়ে দিল বাংলাদেশ

আফগানিস্তানকে নিয়ে ভয়ের কিছু নেই! বড়দের এই বার্তাই দিয়ে রাখল কাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচের প্রতিপক্ষ আফগানিস্তান। সেই ম্যাচ নিয়ে একটু হলেও খচখচানি বাংলাদেশের প্রায় সবার মনে। কিন্তু কাল আবুধাবিতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে ১০ উইকেটে উড়িয়ে দিয়েই শক্তির ব্যবধানটা বুঝিয়ে দিলেন বাংলাদেশের যুবারা।
টস জিতে ফিল্ডিং, এরপর আফগানিস্তানকে ২১২ রানে গুটিয়ে দিয়ে ৪৫ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছানো। গ্রুপ পর্ব পেরোনোর স্বপ্নটা বেশ উজ্জ্বলই হলো বাংলাদেশের। সেঞ্চুরি পেয়েছেন বাঁহাতি ওপেনার সাদমান ইসলাম। ১৪২ বলে ১৪ চার ও ১ ছক্কায় ১২৬ রান করে অপরাজিত থাকেন সাদমান। অনূর্ধ্ব-১৯ ওয়ানডেতে ১৮ বছর বয়সী ওপেনারের এটাই প্রথম সেঞ্চুরি। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ উদ্বোধনী জুটির আরেক অংশীদার জয়রাজ শেখ অপরাজিত থাকেন ক্যারিয়ার সর্বোচ্চ ৮১ রানে। এই ডানহাতির ১১৪ বলের ইনিংসটি সাজানো ১১টি চারে।
আফগানিস্তানের শুরুটা ভালোই ছিল। ১৫.৫ ওভারে উদ্বোধনী জুটি তুলে ফেলেছিল ৬৯ রান। এরপর নিয়মিত বিরতিতে উইকেট তুলে বাংলাদেশের বোলাররা বেঁধে রাখেন আফগানদের। অফ স্পিনার মোসাদ্দেক হোসেন ৩টি, বাঁহাতি স্পিনার রাহাতুল ফেরদৌস নিয়েছেন ২ উইকেট।
আগামীকাল নামিবিয়ার বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবেন বাংলাদেশের যুবারা। কাল এই নামিবিয়াকেই (১৪১) ১০১ রানে হারিয়েছে ‘বি’ গ্রুপের আরেক দল অস্ট্রেলিয়া (২৪২/৭)। অন্যদিকে ‘এ’ গ্রুপে কাল পাকিস্তানকে (২২২) ৪০ রানে হারিয়েছে ভারত (২৬২/৭)।
সংক্ষিপ্ত স্কোর
আফগানিস্তান অনূর্ধ্ব-১৯: ৫০ ওভারে ২১২ (মুজতবা ৪৭, হাশমতুল্লাহ ৪৩, নাসির ৪১; মুস্তাফিজুর ০/৪২, হায়দার ১/৪১, মেহেদী ০/৩৭, রাহাতুল ২/৩৮, নিহাদুজ্জামান ০/৩১, মোসাদ্দেক ৩/১৯)। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯: ৪২.৩ ওভারে ২১৬/০ (সাদমান ১২৬*, জয়রাজ ৮১*)। ফল: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ১০ উইকেটে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: সাদমান ইসলাম।