ব্যাটেও জবাব দিচ্ছে আফগানরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দলের ভীষণ দুঃসময়ে দুর্দান্ত সেঞ্চুরি করে মান বাঁচালেন উমর আকমল
দলের ভীষণ দুঃসময়ে দুর্দান্ত সেঞ্চুরি করে মান বাঁচালেন উমর আকমল

শ্রীলঙ্কা মাত্র ১১৪ রানে অলআউট। জবাবে ৫ উইকেট আর ১৭২ বল হাতে রেখেই বিরাট এক জয়।

বাংলাদেশ থেকে সাড়ে তিন হাজার কিলোমিটার দূরে, দুবাইয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে আফগানিস্তানের যুবারা এশীয় প্রতিবেশী শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত এক জয় তুলে নিল যখন, সেই একই সময় আফগানিস্তান জাতীয় দলও সুখবরের সুবাতাস ছড়িয়ে দিচ্ছে যুদ্ধে বিধ্বস্ত দেশটিতে। এশিয়া কাপের প্রথম ম্যাচে ‘বড় ভাই’ পাকিস্তানকে কোণঠাসা করে ফেলেছিল তারা। ১১৭ রানে তুলে নিয়েছিল ৬ উইকেট।

সেখান থেকে উমর আকমলের দুর্দান্ত সেঞ্চুরিতে পাকিস্তান শেষ পর্যন্ত ৫০ ওভারে ৮ উইকেটে করল ২৪৮। শেষ চার উইকেটেই পাকিস্তান যোগ করেছে ১৩১ রান। উমর অপরাজিত ছিলেন ১০২ রানে। শেষ দশ ওভারে পাকিস্তান তুলেছে ৮৪ রান। বল হাতে শেষ মুহূর্তের সেই হতাশা ভুলে ১৬ ওভারে ১ উইকেটে ৬০ রান তুলেছে আফগানিস্তান। ৪৩ রানে অপরাজিত আছেন নূর আলী।  

আঁটোসাটো বোলিং আর দুর্দান্ত ফিল্ডিংয়ে হাঁসফাঁস করতে থাকা পাকিস্তানি ব্যাটসম্যানরা রান রেট বাড়িয়ে নেওয়ার চাপ থেকে ঝুঁকি নিয়ে খেলতে গিয়েই সর্বনাশ করেছেন নিজেদের। ১ উইকেটে ৭৮ থেকে পাকিস্তান মুহূর্তের মধ্যেই হয়ে গেছে ৫ উইকেটে ১০৮। মাত্র ৭ ওভারের মধ্যে ৩০ রানের ভিতরে হারিয়ে ফেলেছে ৪ উইকেট। খানিক পরে শহীদ আফ্রিদিও ফিরে গেলে পাকিস্তানের সর্বনাশের চূড়ান্ত।

উদ্বোধনী জুটিতেই আসলে পাকিস্তান তুলে ফেলেছিল ৫৫ রান। পরের ৫৩ রান তুলতেই ৫ উইকেট হারিয়েছেন তাঁরা। আম্পায়ারের বদান্যতায় একবার ভাগ্যক্রমে বেঁচে যাওয়া শার্জিল খানকে দিয়েই পাকিস্তানের পতনের শুরু। উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ দিয়েছেন মোহাম্মদ হাফিজ। ফিফটি করে একমাত্র আশার আলো হয়ে ছিলেন যিনি, সেই আহমেদ শেহজাদকে বোল্ড করেছেন সলিমুল্লাহ। সাকিব মাকসুদও তাঁর শিকার। মাঝখানে কোনো বল না খেলেই মিসবাহ-উল হক হয়েছেন রানআউট। আফ্রিদি তাঁর মতোই পরিস্থিতি না বুঝে মেরে খেলতে গিয়ে দৌলাত জরদানের বলে বোল্ড।

এর পরই শুরু উমর আকমলের প্রতিরোধের। প্রথমে আনোয়ার আলীকে নিয়ে সপ্তম উইকেটে ৬০ রানের জুটি গড়েন। এরপর গুলকে নিয়ে ৪০ এবং সাঈদ আজমলকে নিয়ে জুটি গড়েন ৩১ রানে। এক সময় মনে হচ্ছিল পাকিস্তান বুঝি ১৫০-এর মধ্যেই গুটিয়ে যাবে। কিন্তু শেষ তিন জুটিতে ১৩১ রান যোগ করে রক্ষা পেয়েছে পাকিস্তান। এর মধ্যে উমরই যোগ করেন ৯১। ৪৯ ওভার শেষেও তাঁর রান ছিল ৮৫। শেষ ওভারে দুটো চার আর এক ছক্কায় ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন। সেটিও কী দুর্দান্ত এক সময়ে, দলের ভীষণ প্রয়োজনে। ২৭ রানে তাঁর ক্যাচ ফেলেছিলেন শেনওয়ারি। সেটার মূল্য এভাবে দিতে হবে, আফগানরা হয়তো ভাবতেই পারেনি।

এবারের এশিয়া কাপের প্রথম দুটো ম্যাচ বলছে ফতুল্লায় ২৪৮ রান যথেষ্ট নাও হতে পারে। তবে পাকিস্তানের বোলিংয়ের সামনে আফগানরা পাল্টা জবাব দিতে পারবে কিনা, সেটাই এখন দেখার।