আফগানদের গুঁড়িয়ে দিয়েই জিতল বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গর্জে উঠলেন সাকিব! তাঁর স্পিন-বিষে নীল আফগানিস্তান! ছবি: শামসুল হক
গর্জে উঠলেন সাকিব! তাঁর স্পিন-বিষে নীল আফগানিস্তান! ছবি: শামসুল হক

প্রতিশোধ? দুই দলের মাত্রই আগের লড়াইয়ে হেরে যাওয়ার শোধটা যখন পরের ম্যাচেই সেই দল তুলে ফেলে, সেটাকে প্রতিশোধ লেখাই কেতার মধ্যে পড়ে। কিন্তু আজ আফগানিস্তানকে এতটাই নাস্তানাবুদ করে হারাল বাংলাদেশ, এশিয়া কাপের ম্যাচটিকে মনে হচ্ছে নিছকই এক দিনের দুর্ঘটনা। আজ যেন বাংলাদেশ আফগানদের ক্রিকেটের অ-আ-ক-খই শেখাল। এমনকি আম্পায়ারের ধমক খেয়ে একবার কোড অব কন্ডাক্ট জিনিসটা কী, সেটাও যেন শিখতে হলো তাদের। দুই দলের ক্রিকেটীয় সামর্থ্যের ব্যবধানটা এত পরিষ্কারভাবে ফুটে উঠেছে বলেই ‘নির্মম প্রতিশোধ’ কথাটাই এখন হাস্যকর লাগছে। জয়টা ৪৮ বল আর ৯ উইকেট হাতে রেখে পাওয়া বিশাল জয়ের পরও।

সামিউল্লাহ শেনওয়ারির বলে ছক্কা হাঁকিয়ে এনামুল হক যখন দলকে জয়ের বন্দরে পৌঁছে দিলেন, তীব্র একটা রাগ ভেতর থেকে বের হলে এল যেন। এই রাগ হয়তো নিজেদের প্রতিই, ‘এই আফগানদের কাছেই আমরা হেরেছি’ ভেবে!

আফগানিস্তান ম্যাচটা আসলে হেরে বসেছিল অনেক আগেই। আফগান ইনিংসের প্রথম দশ ওভারেই। ৫০ তোলার আগেই আফগানরা যখন ৫ উইকেট হারিয়ে ফেলল। সেখান থেকে ধুঁকতে ধুঁকতে শেষ পর্যন্ত ৭২ রানে অলআউট হলো তারা। টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সর্বনিম্ন স্কোর। তামিম ইকবাল আর এনামুলের ৪৫ রানের জুটি কাজটা প্রায় সেরেই ফেলেছিল। তামিম ২১ রানে ফিরে গেলেও এনামুল শেষ পর্যন্ত ৪৪ রানে অপরাজিত ছিলেন। আর সাকিব আল হাসান অপরাজিত ছিলেন ১০ রানে।

এই সাকিবই আসল কাজটা করে দিয়ে গেছেন বোলিংয়ে। ৩ ওভারে মাত্র ৮ রানে ৩ উইকেট নিয়ে স্পিন বিষে নীল করেছেন আফগানদের। ম্যাচ সেরাও সাকিব।

প্রথম বলেই উইকেট এনে দিলেন মাশরাফি। ছবি: শামসুল হক
প্রথম বলেই উইকেট এনে দিলেন মাশরাফি। ছবি: শামসুল হক

ম্যাচ তখন শুরু হয়েছে মাত্র। দর্শকের অনেকে তখনো হয়তো আসনে বসেনি। আর অমনি মাশরাফি বিন মুর্তজার বলে সজোরে হাঁকাতে গিয়ে মোহাম্মদ শাহজাদ বল ভাসিয়ে দিলেন বাতাসে। না, কোনো ভুল হলো না। মাহমুদউল্লাহ ঠিকই ক্যাচটি জমিয়ে ফেললেন হাতে!  স্কোর কার্ডে কোনো রান জমা না হতেই আফগানদের উইকেট নেই!

ইনিংসের প্রথম বলেই উইকেট হারানোর এই ধাক্কা আর সামলে উঠতে পারেনি আফগানিস্তান। নিয়মিত বিরতিতে ব্যাটসম্যানেরা যাওয়া-আসা করছেন। ১৭.১ ওভারে ৭২ রান তুলতেই অলআউট হয়েছে আফগানিস্তান। ১ উইকেটে ৩৬ রান ছিল তাদের। পরের ৩৬ রান তুলতেই আফগানরা হারিয়েছে ৯ উইকেট!

আজ মাঠে বাংলাদেশ যেন কাঁধে কাঁধ মিলিয়েই লড়েছে। বড় ভূমিকা পালন করেছেন স্পিনাররা। আফগানদের ১০ উইকেটের ছয়টিই নিয়েছেন স্পিনাররা। তিনটি সাকিবের। ২০ রানে দুই উইকেট নিয়ে ছন্দে ফিরেছেন আবদুর রাজ্জাক। স্পিনারদের অন্য উইকেটি মাহমুদউল্লাহর। বাংলাদেশের স্পিন যেন বুঝেই উঠতে পারেনি আফগান ব্যাটসম্যানরা।

ফিল্ডিংয়েও আজ জ্বলে উঠেছে বাংলাদেশ। দুর্দান্ত থ্রোয়ে সরাসরি রান আউট হয়েছেন নওরোজ মঙ্গল আর করিম সাদিক। একটি ক্যাচ ফেললেও পরের বলেই আবার দারুণ ক্যাচ লুফে নিয়েছেন মাত্র দ্বিতীয় আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামা সাব্বির রহমান। এরপর ফরহাদ রেজার বলে ডিপে দারুণ ক্যাচ নিয়েছেন মাহমুদউল্লাহও। মাশরাফির বলে নেওয়া ম্যাচের শুরুর ক্যাচটিও ছিল তাঁর।

পেসাররাও বড় ভূমিকা পালন করেছেন। এমন যে ম্যাচটা বাংলাদেশের জন্য স্নায়ুর চাপ হয়ে উঠতে পারত, সেই ম্যাচে প্রথম বলেই উইকেট তুলে দিয়ে সব চাপ যেন কর্পূরের মতো উধাও করে দিয়েছেন মাশরাফি। মাশরাফির প্রথম আঘাতের পর নাজিব তারাকাই আর গুলবাদিন নাইবের ব্যাটে আফগানরা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিল। ৩৬ রানের জুটিও গড়েছিলেন দুজন। কিন্তু পরপর দুই বলে এই দুজনকে তুলে নিয়েছেন সাকিব। ইনিংসের সেটি ষষ্ঠ ওভার। সেই ওভারে সাকিবের হ্যাটট্রিকটা হয়নি। কিন্তু মাহমুদউল্লাহর করা পরের ওভারের প্রথম বলেই সাব্বিরের সরাসরি থ্রোয়ে আরেকবার উল্লাসে মাতে বাংলাদেশ।

ফর্মের সঙ্গে যুঝতে থাকা রাজ্জাকও যেন উজ্জীবিত হয়ে উঠেছেন। নিজের দ্বিতীয় আর ইনিংসের দশম ওভারে তিনি ফিরিয়েছেন আফগান অধিনায়ক নবীকে। দ্বাদশ ওভারেই ফরহাদ রেজার সরাসরি থ্রোয়ে সাদিক ফিরলে আরও ধুঁকতে থাকে আফগানিস্তান। বাংলাদেশের বিপক্ষে এশিয়া কাপে ৬৯ বলে ৮১ রানের ইনিংস খেলে অঘটন ঘটনপটীয়সীর ভূমিকা পালন করেছিলেন শেনওয়ারি। আজ তাঁকে ১ রানেই এলবিডব্লিউর ফাঁদে ফেলেন রাজ্জাক। ১৪তম ওভারের শেষ বল ছিল সেটি। পরের ওভারের প্রথম বলেই শফিকুল্লাহকে উইকেটের পেছনে ক্যাচ বানান মাহমুদউল্লাহ। ৬৯ রান ৮ উইকেট নেই আফগানদের! স্কোর বোর্ডে আর দুই রান যোগ হতেই ফিরলেন দৌলত জাদরানও। এর পর আক্রমণে এসেই আফগান ইনিংস মুড়িয়ে দেওয়ার কাজটি করেছেন সাকিব, শাপুর জাদরানের স্টাম্প উপড়ে ফেলে।