আফগানদের চেনেন হেসন
নিউজিল্যান্ড যেন উড়ছে এখন! চার ম্যাচে চার জয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়েছে সবার আগে। অস্ট্রেলিয়ার সঙ্গে নখ কামড়ানো ম্যাচের পর বিরতি সপ্তাহ খানেকের। এরপর সামনে পড়বে আফগানিস্তান। লড়াইটা যেন পুরোনো শত্রুর সঙ্গে। না, কিউইদের জন্য নয়, কোচ মাইক হেসনের জন্য!
সংক্ষিপ্ত পরিসরে হেসন কেনিয়ার কোচ ছিলেন ২০১১ ও ২০১২-তে, আফগানরা যেখানে নিয়মিত প্রতিপক্ষই ছিল তাঁর। নতুন রূপে পুরোনো প্রতিপক্ষকে পাচ্ছেন, সম্মানটাও দিচ্ছেন সেভাবেই। তিন পেসার শাপুর জাদরান, দওলত জাদরান ও হামিদ হাসানকে সামলানো সহজ হবে না বলেই মনে করেন হেসন, ‘তারা ঘণ্টায় ১৪০ কিলোমিটার গতিতে বল করতে পারে। সুইংও করাতে পারে।’ আফগান ব্যাটিংকেও সমীহ করছেন তিনি, ‘তারা ছেড়ে কথা বলবে না। একটা ভালো লড়াই হওয়ার কথা। তাদের যোগ্য সম্মানই দিতে হবে, আমাদেরও ভালো পারফরম্যান্স নিশ্চিত করতে হবে।’ অবশ্য কিউইদের আগে আফগানিস্তান খেলবে অস্ট্রেলিয়ার সঙ্গে, আগামীকাল পার্থে। এএফপি।