আফগানদের টি-২০ চ্যালেঞ্জ
একেবারেই নবীন ক্রিকেট খেলুড়ে দেশ। বলতে গেলে যুদ্ধবিধ্বস্ত দেশটির ক্রিকেটের সূচনা পাকিস্তানের শরণার্থী শিবিরে। অথচ এরই মধ্যে ক্রিকেট বিশ্বের সমীহ আদায় করেছে আফগানিস্তান। ২০১৫ অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপের টিকিটও তাদের কাটা হয়ে গেছে। আফগানিস্তানের অধিনায়ক মোহাম্মদ নবী এবার একরকম নিশ্চিতই, বাংলাদেশে অনুষ্ঠেয় ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলবে তাঁর দল। তার জন্য অবশ্য পেরোতে হবে বাছাইপর্বের বাধা। কিন্তু নবী আত্মবিশ্বাসী, এই বাধা তাঁরা পেরোবেন।
এই আত্মবিশ্বাসের কারণও আছে। ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে আফগানিস্তানের রেকর্ড বেশ ভালো। দেশটি গত দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলেছে। র্যাঙ্কিংও দলটির পক্ষে। টি-টোয়েন্টিতে দশে থাকা আফগানিস্তান এমনকি বাংলাদেশ (১১) ও জিম্বাবুয়ের (১৩) ওপরে। নবী তাই বলেছেন, ‘বাছাইপর্বে উতরানোটা এবারে দল হিসেবে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা ২০১০ ও ২০১২-এর মতো বাংলাদেশে খেলতে প্রাণপণ চেষ্টা করব।’
আরব আমিরাতে ১৫ নভেম্বর থেকে শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব। গ্রুপ ‘বি’তে আফগানিস্তানের সঙ্গী হল্যান্ড, স্কটল্যান্ড, কেনিয়া, বারমুডা, ডেনমার্ক, নেপাল ও পাপুয়া নিউগিনি। এখান থেকে তিনটি এবং ‘এ’ গ্রুপ থেকে তিনটি—এই ছয়টি দলের সঙ্গে বাংলাদেশে প্রাথমিক পর্বে যোগ দেবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। এখান থেকে উত্তীর্ণ দুটি দল খেলবে বিশ্বকাপের সুপার টেনে। এএফপি।