প্রথম ম্যাচে দুই দলেরই খুব বাজে অভিজ্ঞতা হয়েছে। ৭২ রানে অলআউট হয়ে গিয়ে বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তান হেরেছে ৯ উইকেটে। আর হংকং নেপালের ১৪৯ রান তাড়া করতে গিয়ে অলআউট হয়ে যায় মাত্র ৬৯ রানে। কাল জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের প্রথম ম্যাচটা তাই আফগানিস্তান-হংকং দুই দলের জন্যই ছিল টুর্নামেন্টে প্রথম জয় পাওয়ার সুযোগ।
শেষ পর্যন্ত সেটি কাজে লাগিয়েছে আফগানিস্তানই। মোহাম্মদ শাহজাদের ৫৩ বলে ৬৮ রানের ইনিংসের পর শফিকউল্লাহর ২৪ বলে অপরাজিত ৫১ রানের সৌজন্যে ২ ওভার বাকি থাকতেই ৭ উইকেটের জয় পেয়ে যায় আফগানরা।
এমনিতে আফগানিস্তান-হংকংয়ের ম্যাচে খুব বেশি দর্শক হওয়ার কথা নয়। কিন্তু পরের ম্যাচটাই যে বাংলাদেশ দলের! টি-টোয়েন্টি বিশ্বকাপে আইসিসি এক টিকিটে দুই খেলা দেখানোর নীতির কারণে তাই আফগানিস্তান-হংকং ম্যাচও ভালোই দর্শক পেল। শাহজাদ ও শফিকউল্লাহর ব্যাটিং নিশ্চিতভাবেই বিনোদিত করেছে তাদের। হংকংয়ের ১৫৩ রানের জবাব দিতে গিয়ে ৬৯ রানে ২ উইকেট হারানোর পর দুজনের ৪৭ রানের জুটি হয়েছে। অবশ্য দলের ১১৬ রানে শাহজাদ ড্রেসিংরুমে ফিরে যাওয়ার পর বাকি কাজটা বলতে গেলে একাই করেছেন শফিকউল্লাহ।
এর আগে ম্যাচের প্রথম বলেই উইকেট হারিয়েও ৮ উইকেটে ১৫৩ রান করে হংকং। শাপুর জাদরানের ইন সুইংয়ে বোল্ড হয়ে যান ওপেনার ইরফান আহমেদ। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে প্রথম বলে উইকেট পড়ার ১২তম ঘটনা এটি। এর মধ্যে সর্বশেষ দুটিই এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে। এর আগে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের প্রথম বলে উইকেট নিয়েছিলেন বাংলাদেশের মাশরাফি বিন মুর্তজা।
সংক্ষিপ্ত স্কোর
হংকং: ২০ ওভারে ১৫৩/৮ (চ্যাপম্যান ৩৮, বরকত ৩২, অ্যাটকিনসন ৩১, আফজাল ১১; শাপুর ২/২৭, নবী ২/২৭, হোতাক ২/৩২, দওলত ১/২৪)। আফগানিস্তান: ১৮ ওভারে ১৫৪/৩ (শাহজাদ ৬৮, শফিকউল্লাহ ৫১*, স্টানিকজাই ১৩; আফজাল ১/১৯, আমজাদ ১/৩৫, আইজাজ ১/৩৯)।
ফল: আফগানিস্তান ৭ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: মোহাম্মদ শাহজাদ।