আফগানদের শেষ সুযোগ
এ যেন কালকের বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচেরই পুনরাবৃত্তি। আফগানিস্তান ছিটকে গেছে বিশ্বকাপ থেকে। ওদিকে ওয়েস্ট ইন্ডিজ সেমিফাইনাল নিশ্চিত করে আছে ‘পার্টি মেজাজে’। আজকের ম্যাচটি তাই শুধুই নিয়মরক্ষার।
‘নিয়মরক্ষা’ শব্দটিতে আফগানদের আপত্তি থাকতেই পারে। আজ যে তাদের শেষ সুযোগ ‘কিছু’ করে দেখানোর। আইসিসির ‘দুচোখা’ নীতির কারণে আফগানিস্তানের মতো সহযোগী দলগুলোর সুযোগই মেলে না মূল সদস্যদের সঙ্গে খেলার। বিশ্বকাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপেই শুধু সেই সুযোগ মেলে। টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে ওঠার পর থেকেই আফগান দলের কণ্ঠে শোনা যাচ্ছে সেই দুঃখের কথা। তাই বিশ্বমঞ্চে নিজেদের যোগ্যতা প্রমাণ করার জন্য আফগানিস্তান চেয়েছিল মূল পর্বে অন্তত একটি ম্যাচে জয় পেতে, কিছু করে দেখাতে।
সেই সুযোগটি আজ নিতেই পারে আফগানরা। বিশ্বকাপে সেরা বোলিং আক্রমণ আফগানিস্তানের না হলেও স্পিনে আফগানিস্তান বেশ এগিয়ে। মোহাম্মদ নবী, সামিউল্লাহ শেনোয়ারি, রশিদ খান—এই তিন স্পিনার বিশ্বকাপে এখনো পর্যন্ত নিয়েছেন ২২ উইকেট। আজ উইন্ডিজ-আফগানিস্তানের ম্যাচটি আবার স্পিন মৃগয়া নাগপুরে। আফগানিস্তানের আশা আরও বাড়িয়ে দিচ্ছেন ড্যারেন স্যামি। দক্ষিণ আফ্রিকা ম্যাচে সেমিফাইনাল নিশ্চিত হওয়ার পরই উইন্ডিজ অধিনায়ক ঘোষণা দিয়েছেন পার্টিতে মেতে ওঠার কথা। আজকের ম্যাচ তাঁদের দৃষ্টিসীমাতেই নেই!
আগাম উৎসবে মেতে ওঠা উইন্ডিজ দলকে হারিয়ে নিজেদের বিদায়ী উপহার নিয়ে নিতে পারবেন স্টানিকজাই-নবীরা? সূত্র: ইয়াহু স্পোর্টস।