আফগানদের হারিয়ে দিল নেপাল

মাঠে নামার আগেই টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ‘টপ টেন’ অনেকটাই নিশ্চিত! চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে আজ নেপাল ৯ রানে জেতার পরও পয়েন্ট টেবিলে বাংলাদেশের অবস্থান একেই রয়েছে। ২ ম্যাচে ২ জয়ে বাংলাদেশের পয়েন্ট ৪, রানরেট + ২.৬৮৬। দ্বিতীয় অবস্থানে থাকা নেপালের পয়েন্টও ৪। তাদের রানরেট +০.৯৩৩। তবে মুশফিকুর রহিমের দল আজ হংকংকে হারালে, এ সব গাণিতিক হিসাব ফুত্কারে উড়ে যাবে।
টসে জিতে আজ আফগানিস্তান ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। প্রথমে ব্যাট করে নেপালের সংগ্রহ নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৪১। নেপালের ইনিংসের উল্লেখযোগ্য দিক ওপেনার খাকুরেলের ৫৬ ভেসাওকারের ৩৭ রান। আফগানদের পক্ষে শাপুর জর্দান নিয়েছেন ২টি উইকেট।
১৪২ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই যেন খেই হারিয়ে ফেলে আফগানিস্তান। তবে আফগানদের আশার প্রদীপ হয়ে আবির্ভাব হন শফিকউল্লাহ ও আসগর স্টানিকজাই। ৩৬ করে শফিকউল্লাহ ফিরে গেলেও মূল লড়াইটা চালান স্টানিকজাই। তবে এ আফগান ডানহাতি অন্তিম মুহূর্তে ৪৯ করে ফিরে গেলে কার্যত ধূসর হয়ে যায় আফগানদের স্বপ্ন। হারতে হয় ৯ রানে। ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা নেপালের জিতেন্দ্র মুখিয়া। প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন কার্যত শেষ হলেও নেপালের পারফরম্যান্স ও দর্শক সমর্থন ছিল মুগ্ধতাজাগানিয়া।